২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ম্যাক স্টুডিও ডেস্কটপ এবং আইফোন এসই আনলো অ্যাপল

নতুন ডেস্কটপ ম্যাক স্টুডিও, নতুন সংস্করণের আইফোন এসই, আইপ্যাড এবং নতুন অ্যাপল সিলিকন চিপের ঘোষণা দিল অ্যাপল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 12:01 AM

Updated : 25 Oct 2022, 10:17 AM

১২টা ২৫ মিনিট: ম্যাক স্টুডিও

এম১ ম্যাক্স আর এম১ আল্ট্রা চিপের আলাদা সংস্করণে বাজারে আসবে ম্যাক স্টুডিও।

‎ম্যাক স্টুডিও একটি কম্প্যাক্ট কম্পিউটার। মাত্রই ৭x৩ ইঞ্চির ম্যাক স্টুডিও ম্যাক প্রো‎ এর চেয়ে ছোট, তবে ‎ম্যাক মিনির‎ চেয়ে বেশি ক্ষমতার। এম১ ম্যাক্স চিপ এবং এম১ আলট্রা চিপের ম্যাক স্টুডিও আসবে যথাক্রমে ৬৪ এবং ১২৮ জিবি মেমরি সহ। মূল্য যথাক্রমে ১৯৯৯ ডলার এবং ৩৯৯৯ ডলার।

ম্যাক স্টুডিও তৈরি করা হয়েছে সৃজনশীল পেশাদারদের জন্য। এর সঙ্গে আসছে নতুন মনিটর ‘স্টুডিও ডিসপ্লে’। এর দাম ১৪৯৯ ডলার।

  ১২টা ২৫ মিনিট : নতুন ম্যাক, নতুন এম১ আলট্রা

আসছে নতুন ম্যাকের ঘোষণা। এম১ লাইনে আসছে নতুন ‘এম১ আল্ট্রা চিপ’। নতুন নকশায় করে দুটি এম১ম্যাক্স চিপ জুড়ে দিয়ে তৈরি হয়েছে এম১ আল্ট্রা।

২০ কোরের সিপিইউ। ৬৪ কোরের জিপিইউ। এম১ এর চেয়ে ৮গুণ দ্রুতগতির আল্ট্রা।

আন্তর্জাতিক নারী দিবসের উল্লেখ না করলেও অ্যাপলের নতুন এই চিপের সুবিধাগুলো বর্ণনা করলেন নারী প্রযুক্তি কর্মীরা।

১২টা ১৬ মিনিট : নতুন আইপ্যাড, গেইমিং পাওয়ারহাউজ

নতুন আইপ্যাডের ঘোষণা দিলেন টিম কুক। আসছে নতুন আইপ্যাড। এম১ চিপ থাকবে নতুন আইপ্যাড এয়ারে। ৮ কোরের জিপিইউ থাকবে এতে। একই দামের উইন্ডোজ ডিভাইসের দ্বিগুণ গতির। মোবাইল গেইমিং পাওয়ারহাউজ। থাকবে ১৬ কোরের নিউরাল ইঞ্জিন। থাকবে লিকুইড রেটিনা ডিসপ্লে এবং অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং। থাকবে ১২ মেগাপিক্সেলের ওয়াইড লেন্স ক্যামেরা। আছে সেন্টার স্টেজ ফিচার। ৫জি সংযোগ থাকবে আইপ্যাড এয়ারে; থাকবে দ্বিগুণ গতির ইউএসবি-সি পোর্ট। দ্বিতীয় প্রজন্মের অ্যাপল পেন্সিল থাকবে সঙ্গে। চলবে আইপ্যাড ওএস১৫-তে। পাওয়া যাবে ৫টি রডে।

দাম হবে: ৫৯৯ ডলার। ৬৪ থেকে ২৫৬ গিগাবাইট মডেল।

৪২৯ ডলারে নতুন আইফোন এসই

১২টা ১০ মিনিট : এ১৫ বায়োনিক চিপ নিয়ে আসছে নতুন আইফোন এসই। এতে থাকবে ৬ কোরের এ১৫ সিপিইউ, ৪ কোরের জিপিইউ। সেইসঙ্গে থাকবে ১৬ কোরের নিউরাল ইঞ্জিন।  তিন রঙে বাজারে আসবে গ্লাস এবং অ্যালুমিনিয়াম কেসিংয়ের আইফোন এসই। যোগ হচ্ছে ৫জি সেবা।

১২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এতে। আইওএস ১৫-তে চলবে এসই। দাম হবে ৪২৯ ডলার। কিনতে পাওয়া যাবে ১৮ মার্চ থেকে, প্রি অর্ডার শুরু হবে শুক্রবারেই।

দাম শুরু হবে ৪২৯ ডলার থেকে।

১২টা ০১ মিনিট : মঞ্চে টিম কুক

অ্যাপল টিভিপ্লাস নিয়ে কথা বলছেন টিম কুক। নতুন সিনেমা ‘ফ্রাইডে নাইট বেইজবল’ আসছে অ্যাপল টিভিপ্লাসে।

বছরের প্রথম এ আয়োজনে স্বল্পমূল্যের ৫জি আইফোন, নতুন আইপ্যাড এয়ার, ম্যাক স্টুডিও নামে একটি নতুন কম্পিউটারের পাশাপাশি নতুন ‘ম্যাক মিনি’ ও ‘ম্যাক প্রো’ আনার সম্ভাবনার কথা এরইমধ্যে প্রচারিত হয়েছে বিভিন্ন প্রযুক্তি প্রকাশনা ও ব্লগে।

দাওয়াত পত্রে অনুষ্ঠানস্থল হিসেবে অ্যাপল তাদের প্রধান কার্যালয়ের উল্লেখ করলেও এটি সম্ভবত পূর্বে ধারণ করা ভিডিও উপস্থাপনার সরাসরি সম্প্রচার হবে।