২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বুমেরাং’ ও ‘হাইপারল্যাপস’ অ্যাপ সরিয়ে ফেলেছে ইনস্টাগ্রাম

গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ‘বুমেরাং’ ও ‘হাইপারল্যাপস’ অ্যাপ দুটি মুছে দিয়েছে ইনস্টাগ্রাম। ফিচারভিত্তিক আলাদা অ্যাপের বদলে জনপ্রিয় ফিচারগুলোকে একই অ্যাপে একীভূত করার চেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে মূল প্রতিষ্ঠান মেটা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2022, 10:17 PM

Updated : 02 Aug 2022, 03:04 PM

“মূল অ্যাপে গুরুত্ব দিতে আমরা স্ট্যান্ডঅ্যালোন বুমেরাং ও হাইপারল্যাপস অ্যাপ দুটির সমর্থন সরিয়ে নিচ্ছি”-- প্রযুক্তিবিষয়ক সিনেটকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন মূল প্রতিষ্ঠান মেটার এক মুখপাত্র।

“অ্যাপের (ইনস্টাগ্রাম) স্টোরি ফিচারে বুমেরাং সমর্থন এখনো আছে এবং স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ হিসেবে ‘লেআউট’ এখনো অ্যাপ স্টোরে আছে। ইনস্টাগ্রামে মানুষকে সৃজনশীল হওয়ার এবং মজা করার নতুন নতুন উপায় করে দিতে আমরা কাজ করে যাবো”--যোগ করেন তিনি।

গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বুমেরাং ও হাইপারল্যাপস অ্যাপ দুটি সরানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইনস্টাগ্রাম।

সিনেট বলছে, সব ফিচার একটি অ্যাপে আনতে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে অনলাইন মার্কেটপ্লেস ‘ক্রেইগলিস্ট’-এর আদলে নিজস্ব মার্কেটপ্লেস যোগ করেছে ফেইসবুক; মোবাইলভিত্তিক লেনদেন সেবা ‘ভেনমো’র আদলে তৈরি লেনদেনের ফিচার যোগ হয়েছে সামাজিক যোগাযোগের অ্যাপটিতে।

একটা সময়ে বন্ধু বা কাছের মানুষদের সঙ্গে পছন্দের ছবি শেয়ার করার প্ল্যাটফর্ম ছিল ইনস্টাগ্রাম। সে দৃশ্যপট পাল্টেছে, স্বল্প-দৈর্ঘ্যের ভিডিও শেয়ারের ফিচার আর ই-কমার্স সেবা যোগ হয়েছে প্ল্যাটফর্মটিতে।

মূল সেবার পাশাপাশি, মূল অ্যাপেই নানা ফিচার যোগ করেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। ফলে প্রয়োজনীয়তা হারিয়েছে ফটো ও ভিডিও এডিটিংয়ের জন্য তৈরি আলাদা অ্যাপগুলো। একই অ্যাপে প্রয়োজনের সব ফিচার থাকলে ব্যবহারকারীদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা কমে এবং একটি অ্যাপের অভিজ্ঞতা থেকেই ব্যবহারকারীর পরিতৃপ্ত হওয়ার সুযোগ বাড়ে বলে মন্তব্য করেছে সিনেট।

এ ছাড়াও, মার্চ মাসের মাঝামাঝি সময়ে ‘আইজিটিভি’ অ্যাপটি ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ বন্ধ করে দেবে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।

সিনেটের প্রতিবেদন বলছে, গুগল প্লে ও অ্যাপ স্টোরে ৩০ কোটিরও বেশিবার ডাউনলোড হয়েছে বুমেরাং অ্যাপটি। আর হাইপারল্যাপস শুধু আইওএস প্ল্যাটফর্মে থাকলেও অ্যাপটির ডাউনলোডের সংখ্যা দুই কোটি ৩০ লাখ।

তবে, সিনেটের প্রতিবেদনে উঠে এসেছে চমকপ্রদ একটি তথ্য। সব ফিচার ইনস্টাগ্রামে একীভূত হলেও, আলাদা অ্যাপ হিসেবে ব্যবহারকারীদের কাছে নিজের আবেদন ধরে রেখেছিল বুমেরাং; প্রতিদিন ২৬ হাজার বার ডাউনলোড হচ্ছিল অ্যাপটি।