২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়াতে বিক্রি বন্ধ মাইক্রোসফটের, একই পথে বাকিরাও

ইউক্রেইনে সামরিক আগ্রাসনের পর রাশিয়াতে পণ্য বেচা বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। অ্যাপল, ডেলসহ অন্যান্য শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানও এমন সিদ্ধান্ত নিয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2022, 07:40 PM

Updated : 02 Aug 2022, 03:03 PM

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পর ইতোমধ্যেই মাইক্রোসফট রাশিয়াতে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করেছে।

রাশিয়ার সাইবার হামলার পর থেকেই মাইক্রোসফট ইউক্রেইনকে সাইবার নিরাপত্তা সুবিধা দিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

“সামরিক আগ্রাসন শুরুর পর ইউক্রেইনের ২০টি সরকারি, উদ্ভাবনী প্রযুক্তি ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের উপর রাশিয়ার ধ্বংসাত্মক ও বিরূপ অবস্থানের বিরুদ্ধে আমরা কাজ করছি।” বিবিসিকে বলেছেন মাইক্রোসফট প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ।

এ ছাড়াও বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান ‘আর টি’ ও ‘স্পুটনিকে’র মতো রাশিয়া নিয়ন্ত্রিত মিডিয়াকে নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে বিধিনিষেধ দিয়ে রেখেছে।

মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপ স্টোর থেকে ‘আরটি’র মোবাইল অ্যাপ সরিয়ে ফেলেছে। ফেইসবুক, গুগল এবং ইউটিউবও রাশিয়া নিয়ন্ত্রিত মিডিয়ার বিজ্ঞাপনে অর্থ আয়ের পথ বন্ধ করে দিয়েছে।

সিসকো, ওরাকল, নেটফ্লিক্স এবং স্পটিফাইও দেশটিতে তাদের কার্যক্রম স্থগিত রেখেছে।  

এয়ারবিএনবি রাশিয়া ও বেলারুশে তাদের ফ্লাইট বুকিং বন্ধ করেছে এবং ইউক্রেইন থেকে পালিয়ে আসা প্রায় এক লক্ষ শরণার্থীকে বিশ্বের বিভিন্ন স্থানে বিনামূল্যে আবাসনের প্রস্তাবও দিয়েছে বলে উঠে এসেছে বিবিসি’র প্রতিবেদনে।

“ইউক্রেইনে নৃশংসতা বন্ধে ও রাশিয়ার লাগাম টানতে, আমরা আশা করি এ সপ্তাহের মধ্যে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও একই পথে হাঁটবে।” বলেছেন যুক্তরাষ্ট্রে অবস্থিত প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটির বিশ্লেষক ড্যান ইভস।

যদিও হুয়াওয়ে, শাওমি এবং আলিবাবাসহ চীনের প্রতিষ্ঠানগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ করার বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।