রাশিয়া-বেলারুশের সংবাদমাধ্যমে ‘অ্যানোনিমাসের’ থাবা
হ্যাকিংয়ের শিকার হয়েছে একাধিক রাশিয়ান এবং বেলারুশ সংবাদমাধ্যমের ওয়েবসাইট। ওয়েবসাইট হ্যাক করে মূল পেইজে “স্টপ দ্য ওয়ার” বা “যুদ্ধ বন্ধ করুন” বার্তা দিয়ে রাশিয়ার নাগরিকদের নিজ সন্তানকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধে না পাঠানোর আহ্বান জানিয়েছে হ্যাকারদের সংগঠন ‘অ্যানোনিমাস’ এবং ‘সংবাদকর্মীরা’।
রাশিয়া ও বেলারুশের একাধিক সংবাদমাধ্যমে সাইবার হামলার খবর নিশ্চিত করেছে রাশিয়ার সরকার সমর্থিত সংবাদমাধ্যম ‘আরটি’। রাশিয়ার তাস, কোমারসান্ট, আরবিকে, ইজভেস্তিয়া, ফনটানকাসহ বেলারুশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হ্যাকিংয়ের শিকার হয়ে বন্ধ ছিল রাশিয়ার শীর্ষ সংবাদসংস্থাগুলোর অন্যতম ‘তাস’-এর ওয়েবসাইট। সোমবার, বাংলাদেশ সময় সন্ধা ৬টা নাগাদ পুনরায় চালু হওয়ার আগ পর্যন্ত শতবর্ষী বার্তাসংস্থাটির ওয়েবসাইটে বারবার প্রবেশের চেষ্টা করলেও ‘এরর কোড’ দেখাচ্ছিল।
‘তাস’-এর ওয়েবসাইট হ্যাক করে পোস্ট করা বার্তাটি লেখা ছিল রাশিয়ান ভাষায়; সেখানে দেশটির নাগরিকদের যুদ্ধ নামের “পাগলামি” থেকে সরে আসার আহ্বান জানিয়েছে হ্যাকার ও “সংবাদকর্মীরা”।
“প্রিয় নাগরিকরা, আমরা আপনাদের এই পাগলামি বন্ধ করার আহ্বান জানাচ্ছি, আপনার সন্তান বা স্বামীকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেবেন না।”
‘তাস’-এর ওয়েবসাইট হ্যাক করে দেওয়া পোস্টে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালাচনা করে রাশিয়ার ভবিষ্যত উত্তর কোরিয়ার মতো হওয়ার আশঙ্কা জানিয়েছে হ্যাকাররা।
“পুতিন আমাদের দিয়ে মিথ্যা বলান আর বিপদে ফেলেন। আমরা পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি, গ্যাস ও তেল কেনা বন্ধ হয়ে গেছে। কয়েক বছরের মধ্যে আমাদের অবস্থা উত্তর কোরিয়ায় বাস করার মতো হবে। আমাদের এটা কেন করতে হবে? পুতিনকে পাঠ্যবইয়ে ঢোকানোর জন্য?”
“এটা আমাদের যুদ্ধ নয়। আসুন এটা থামাই।”
হ্যাকারদের পোস্টটির শেষের অংশ বলছে, “এই বার্তাটি মুছে দেওয়া হবে এবং আমাদের কয়েকজন চাকরি হারাবেন বা কারাদণ্ড হবে। কিন্তু এটা আমরা আর নিতে পারছি না।”
“নির্বিকার নয়, রাশিয়ার এমন সাংবাদিকরা।”
২৫ ফেব্রুয়ারি রাশিয়ার বিরুদ্ধে “সাইবার যুদ্ধের” ঘোষণা দিয়েছিল ‘অ্যানোনিমাস’। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পর দিনই ওই ঘোষণা দিয়েছিল হ্যাকারদের সংগঠনটি।
২৫ ফেব্রুয়ারিতেই ‘আরটি ডটকম’, ক্রেমলিন ও দুমা’র ওয়েবপেইজসহ বেশ কয়েকটি ওয়েবসাইট হ্যাক করেছিল অ্যানোনিমাস।
হ্যাকারদের এই সংগঠনটির নির্দিষ্ট কোনো গঠন কাঠামো নেই এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হ্যাকিং তৎপরতা চালিয়ে খবরের শিরোনাম হয়েছে। এর আগে অ্যানোনিমাসের হ্যাকিংয়ের শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট, সিআইএ, দ্য চার্চ অফ সায়েন্টোলজি এবং এপিলেপ্সি ফাউন্ডেশন।
