২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া-ইউক্রেইন প্রশ্নে নতুন নীতিমালা টুইটারের

ইউক্রেইন ও রাশিয়ায় বিজ্ঞাপন প্রদর্শন সাময়িকভাবে স্থগিত করেছে টুইটার। সামরিক আগ্রাসনের মধ্যে জননিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার প্রচেষ্টা এই সিদ্ধান্তের কারণ বলে উল্লেখ করেছে মাইক্রোব্লগিং সেবাটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2022, 08:55 PM

Updated : 28 Apr 2022, 11:44 PM

“আমরা ইউক্রেইন এবং রাশিয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে স্থগিত করছি যাতে নিশ্চিত করা যায় যে জননিরাপত্তা সংশ্লিষ্ট তথ্যই প্রচার পায় এবং বিজ্ঞাপন এতে কোনো প্রভাব না ফেলে।”

শুক্রবার এক বিবৃতিতে টুইটার বলেছে, "আপত্তিকর কনটেন্টের বিস্তার হ্রাস করার জন্য হোম টাইমলাইনে আপনি অনুসরণ করেন না এমন ব্যক্তিদের কাছ থেকে কিছু টুইট সুপারিশও স্থগিত করা হয়েছে।”

সামাজিক নেটওয়ার্কটি আরও ঘোষণা করেছে, এটি “প্ল্যাটফর্ম ম্যানিপুলেশন (বা অন্যান্য অযৌক্তিক আচরণ) শনাক্ত করার জন্য সক্রিয়ভাবে টুইট পর্যালোচনা করছে” এবং ইউক্রেইনে আগ্রাসন বিষয়ে “মিথ্যা বা বিভ্রান্তিকর চিত্রায়ন" সরবরাহ করে এমন "কৃত্রিম এবং প্রভাবিত মিডিয়া” এর উপর খড়্গহস্ত হয়েছে।

টুইটার এরইমধ্যে ঘোষণা দিয়েছে, প্রতিষ্ঠানের কর্মীরা যে অর্থ ইউক্রেইনের জন্য দান করবেন, প্রতিষ্ঠানটি নিজেও তার সমপরিমাণ অর্থ ওই তহবিলে দেবে। পাশাপাশি “সাংবাদিক, অধিকারকর্মী, সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছে যাতে সেগুলোয় কোনোরকম  দখল বা বিকৃতির চেষ্টা প্রশমিত করা যায়।

ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানের তৃতীয় দিনে ইংরেজি, রাশিয়ান এবং ইউক্রেইনীয় ভাষায় লেখা বিবৃতিটির মাধ্যমে টুইটারের নীতিতে এই পরিবর্তনের ঘোষণা আনা হয়েছে।