২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার আক্রমণের শিকার হচ্ছে পোল্যান্ডের সরকারি সার্ভার

সাইবার হামলার শিকার হচ্ছে পোল্যান্ডের কম্পিউটার ব্যবস্থা। সাম্প্রতিক দিনগুলোতে সাইবার হামলা বেড়েছে পোল্যান্ডের সরকারি সার্ভার এবং জাতীয় আর্থিক লেনদেন ব্যবস্থার উপর। 

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2022, 06:13 PM

Updated : 02 Aug 2022, 03:00 PM

আক্রমণের মূল হোতা এখনো চিহ্নিত করা যায়নি বলে শুক্রবার এক রেডিও বার্তায় জানিয়েছেন পোলিশ সরকারের কর্মকর্তা ইয়ানুশ চেশেনস্কি। পোল্যান্ডের প্রতিবেশী ইউক্রেইনে চলছে রাশিয়ার দখলদারি অভিযান; সামরিক শক্তির সঙ্গে সমান তালে ব্যবহৃত হচ্ছে সাইবার আগ্রাসনের নানা কৌশল।

গেল কয়েক সপ্তাহে একের পর এক সাইবার হামলার শিকার হয়েছে ইউক্রেইন। সাইবার হামলাগুলোর জন্য রাশিয়াকেই দায়ী করেছে ইউক্রেইন। প্রতিবারই হামলার সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেছে রাশিয়া।

“‘পোলিশ ন্যাশনাল ক্লিয়ারিং সিস্টেমে’র ওয়েবসাইট এবং সরকারি ইমেইল সেবার সার্ভারের উপর আক্রমণ চালানো হয়েছে,” রেডিও বার্তায় বলেন চেশেনস্কি।

“আক্রমণগুলোর উপর নজর রাখা হচ্ছে… এই আক্রমণগুলোর জন্য কাউকে দায়ী করার সময় এখনো আসেনি।”

অন্যদিকে, সাইবার হামলার শিকার হয়েছে পোল্যান্ডের শীর্ষ বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান ‘পিজিই এসএ’। প্রতিষ্ঠানের আইটি নেটওয়ার্কে সাইবার হামলার খবর নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী ওয়েইচে দব্রোভস্কি। তবে প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের উপর সাইবার হামলার কোনো বিরূপ প্রভাব পড়েনি এবং বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন আছে বলে জানিয়েছেন তিনি।

গেল সোমবারেই সাইবার নিরাপত্তা সতর্কতা স্তর আরো উপরে নিয়েছে পোল্যান্ড সরকার। এতে গুরুত্বপূর্ণ অবকাঠামোর পরিচালকরা নিজস্ব ব্যবস্থার উপর কাছ থেকে নজর রাখতে বাধ্য হচ্ছেন।

রাশিয়ার উপর একের পর এক অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপের পর সাইবার হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে পশ্চিমা দেশগুলোর সরকারসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান। অন্যদিকে, কিয়েভসহ পুরো ইউক্রেইন জুড়েই চলছে রাশিয়ার সামরিক হামলা।