২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে মাস্কের নিউরালিঙ্ক

প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগ উঠেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্কের বিরুদ্ধে। মানব মস্তিষ্ক কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করার প্রযুক্তি নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 08:22 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ‘ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার’-এর কাছে অভিযোগ করা হয়েছে, পরীক্ষাগারে ম্যাকাক বানরের প্রতি নিষ্ঠুর আচরণ করছে নিউরালিঙ্ক।

তবে সে অভিযোগ অস্বীকার করে এক ব্লগ পোস্টে নিউরালিঙ্ক বলেছে, তারা প্রাণীদের সঙ্গে “সবচেয়ে মানবিক এবং নৈতিক প্রক্রিয়ায়” কাজ করার চেষ্টা করে। চলতি বছরের শেষ নাগাদ মানব মস্তিষ্কের উপর পরীক্ষা চালানোর কথা রয়েছে প্রতিষ্ঠানটির। 

সাম্প্রতিক সমালোচনার প্রতিক্রিয়ায় এক ব্লগ পোস্টে প্রাণী কল্যাণ প্রতিশ্রুতির উপর জোর দিয়ে প্রতিষ্ঠানটি বলেছে, “কেবল মানুষের সুবিধা বিবেচনায় নেওয়ার কৌশলের বদলে আমাদের মূল লক্ষ্য হলো এমন একটি প্রাণী কল্যাণ প্রকল্পের নকশা করা যা প্রাণীগুলোর প্রয়োজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে।”

“প্রতিটি প্রাণীর ব্যবহার সূক্ষ্মভাবে পরিকল্পিত এবং বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রক্রিয়ার সঙ্গে অবলা প্রাণীর নৈতিক ব্যবহারের সামঞ্জস্য বিবেচনায় নিয়ে করা।”

বিবিসি’র প্রতিবেদন বলছে, গবেষণার শুরুতে ‘ডেভিস ন্যাশনাল প্রাইমেট রিসার্চ সেন্টার’-এর সঙ্গে জোট বেঁধেছিল নিউরালিংক। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার অঙ্গসংগঠন ওই গবেষণা সংস্থাটি। কিন্তু ২০২০ সালে ম্যাকাক বানরগুলোকে রাখার জন্য নিজস্ব ব্যবস্থা নির্মাণ করে নিউরালিঙ্ক। সে সময় এই খাতের বিদ্যমান মানের ভিত্তিতে আরো উন্নত ব্যবস্থা নির্মাণের কথা বলেছিল প্রতিষ্ঠানটি।

বিবিসি’র প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের কাছে অভিযোগটিতে উল্লেখ করেছে ‘ফিজিশিয়ানস কমিটি ফল রেসপন্সিবল মেডিসিন” নামের ১৭ হাজার চিকিৎসকের একটি সংগঠন। ২৩টি বানরের মস্তিষ্কের উপর মারাত্মক নিষ্ঠুরতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা চালানোর অভিযোগ তুলেছে সংগঠনটি।

অভিযোগে সংগঠনটি বলেছে, “মস্তিষ্কে ইলেকট্রোড বসাতে বেশিরভাগ বানরের খুলির একটা অংশ অপসারণ করা হয়েছে।”

ম্যাকাক বানর সামাজিক প্রাণী হলেও পরীক্ষা-নিরীক্ষায় ব্যবহৃত বানরগুলোকে খাঁচায় একা বন্দী রাখা হচ্ছে এবং আঘাতের চিহ্ন ছিল বানরগুলোর মুখে। খুলির অংশবিশেষ অপসারণ করে যে অংশে ইলেকট্রোড বসানো হয়েছে, মস্তিষ্কের সেই অংশগুলোতে ছড়িয়ে পড়েছে সংক্রমণ; যার ফলে খিঁচুনিও হচ্ছিল বানরগুলোর।

পরীক্ষায় ব্যবহারের আগেই অনেকগুলো বানরকে মেরে ফেলা হয়েছিল বলেও অভিযোগ করেছে চিকিৎসকদের সংগঠনটি। গেল বছরে আইনি পদক্ষেপ নেওয়ার ফলে ছয়শ পাতার নথিপত্র জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে বাধ্য হয়েছিল নিউরালিঙ্ক। সেই নথি থেকেই তথ্যগুলো পাওয়ার দাবি করেছে সংগঠনটি।

পরীক্ষাগারে রাখা বানরগুলোর ছবি ও ভিডিও উন্মুক্ত করতে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিরুদ্ধে দ্বিতীয় আরেকটি মামলা করেছে চিকিৎসকদের সংগঠনটি।

Image
ছবি: নিউরালিঙ্ক।

ছবি: নিউরালিঙ্ক।

অভিযোগ অস্বীকার করলেও দুটি বানরকে মেরে ফেলার কথা স্বীকার করেছে নিউরালিঙ্ক। তবে প্রতিষ্ঠানটি বলছে, বিষয়টি ছিল পরিকল্পতি এবং “গুরুত্বপূর্ণ ডেটা” সংগ্রহের লক্ষ্যেই এমনটা করা হয়েছিল। এ ছাড়াও ইউসি ডেভিসের পশু চিকিৎসক দলের পরামর্শে আরো ছয়টি বানরকে মেরে ফেলার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

পরীক্ষা-নিরীক্ষায় ব্যবহৃত প্রাণীগুলো রাখার জন্য ২০২০ সালে ছয় হাজার বর্গ ফিটের নিজস্ব পশুশালা নির্মাণ করেছিল নিউরালিঙ্ক। এতে রাখা হয়েছে গবাদিপশু এবং ম্যাকাক বানর। বিভিন্ন সময় পশুশালার ছবি প্রকাশ করে নিউরালিঙ্ক দেখানোর চেষ্টা করেছে, তাদের ব্যবস্থাপনায় ভালোই আছে পশুগুলো।

২০১৬ সালে নিউরালিঙ্ক প্রতিষ্ঠা করেন মাস্ক। প্রতিষ্ঠানটি যে ডিভাইস নির্মাণের চেষ্টা করছে তাতে কয়েক হাজার ইলোকট্রোডের সমন্বয়ে গঠিত ছোট একটি ‘প্রোব’ থাকবে । মানুষের চুলের চেয়েও সূক্ষ্ম ও নমনীয় সুতার সঙ্গে সংযুক্ত থাকবে ওই প্রোবটি। মানব মস্তিষ্কের নিউরনের কার্যক্রমের উপর নজর রাখবে ডিভাইসটি।

এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হলো, গুরুতর স্নায়বিক জটিলতায় ভুগছেন এমন রোগীদের সহযোগিতা করা। তবে, এই প্রযুক্তির হাত ধরেই “সুপারহিউম্যান কগনিশন”-এর স্বপ্ন দেখছেন মাস্ক।

এখন পর্যন্ত একটি শূকর এবং একটি বানরের মস্তিষ্কে মাইক্রোচিপ বসাতে সফল হয়েছে প্রতিষ্ঠানটি।