‘ক্রিপ্টো মুদ্রার মূল্য একটা টিউলিপের সমানও নয়’
ক্রিপ্টো মুদ্রায় বিনিয়োগ সম্পর্কে এক সতর্কবাণীতে কঠোর মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। সপ্তদশ শতাব্দীর ‘টিউলিপ ম্যানিয়া’র সঙ্গে ক্রিপ্টো মুদ্রা নিয়ে চলতি ‘উন্মাদনা’র তুলনা করেছেন তিনি।
ভারত সরকার ক্রিপ্টো মুদ্রা নিয়ে একটি কর কাঠামো ঘোষণার মাত্র কয়েক দিন পরেই দেশটিতে ব্যাংকিং সেক্টরে সরকারের শীর্ষ কর্মকর্তা এই মূল্যায়ন দিলেন বলে প্রতিবেদনে জানিয়েছে ব্লুমবার্গ।
অর্থবিষয়ক এক নীতিগত সভা শেষে সংবাদ সম্মেলনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস বলেন, “বেসরকারী এই ক্রিপ্টো মুদ্রা ম্যাক্রো-অর্থনৈতিক এবং আর্থিক স্থিতিশীলতার জন্য এক বিশাল হুমকি। বিনিয়োগকারীদের মনে রাখা উচিত যে তারা তাদের নিজস্ব ঝুঁকিতে বিনিয়োগ করছেন।”
“এবং এই ক্রিপ্টো মুদ্রার কোনো অন্তর্নিহিত মূল্যই নেই…এমনকি একটা টিউলিপের সমানও না।”
ক্রিপ্টো সমর্থকরা বরাবরই আশঙ্কা করছিলেন যে কেন্দ্রীয় ব্যাংকের বিরূপ অবস্থানের কারণে ভারত সরকার হয়তো ক্রিপ্টো মুদ্রার ওপর খড়্গহস্ত হবে। এরপর সরকারের এ বিষয়ে কর কাঠামোর প্রতিষ্ঠা তাদেরকে আশার আলো দেখিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্লুমবার্গ।
সপ্তদশ শতাব্দীতে নেদারল্যান্ডসে টিউলিপ ফুলের মূল্য অসম্ভবরকম বাড়ার কয়েক বছরের মধ্যেই এতে তীব্র ধস নামে। এরপর থেকেই মূল্য বৃদ্ধির বুদ্বুদের ফলে ব্যবসায়ীক লোভের প্রতীক হিসেবে টিউলিপের তুলনা আসতে থাকে।
আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ক্রিপ্টো মুদ্রা আরবিআইয়ের ক্ষমতাকে হ্রাস করতে পারে বলে সতর্ক করার পরও ভারতের কেন্দ্রীয় ব্যাংকের আগামী বছরের কোনও এক সময় নিজস্ব ডিজিটাল মুদ্রা চালু করার পরিকল্পনা রয়েছে।
ভারতে আনুমানিক দেড় থেকে দুই কোটি ক্রিপ্টো বিনিয়োগকারী রয়েছে, যাদের হাতে ক্রিপ্টো মুদ্রা আকারে মোট ৫৩৪ কোটি ডলার রয়েছে বলে ধারণা করা হয়।
ভারতে ক্রিপ্টো বাজারের আকার সম্পর্কে কোনও সরকারী তথ্য নেই।
