২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এলো গ্যালাক্সি এস২২ আল্ট্রা, সত্যি ছিল পেন গুজব

অবশেষে সত্যি প্রমাণিত হল প্রযুক্তি বাজারে রটা গুজব। এস পেন স্টাইলাস আছে গ্যালাক্সি এস২২ আল্ট্রায়। কার্যত গ্যালাক্সি নোট সিরিজের ডিভাইসগুলোর উত্তরসূরী হিসেবে বাজারে আসছে স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2022, 05:35 PM

Updated : 25 Oct 2022, 10:13 AM

সম্প্রতি ‘আনপ্যাকড’ আয়োজনে নতুন তিনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন দেখিয়েছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট এবং বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষ প্রতিষ্ঠান স্যামসাং। ৯ ফেব্রুয়ারির আয়োজনে গ্যালাক্সি এস২২ আল্ট্রার পাশাপাশি, এস২২, এস২২ প্লাস স্মার্টফোন এবং গ্যালাক্সি ট্যাব এস৮ দেখিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি। ২৫ ফেব্রুয়ারি প্রযুক্তি পণ্যের বাজারে অভিষেক হবে এস২২ আল্ট্রা স্মার্টফোনের।

গ্যালাক্সি এস২২ আল্ট্রা গ্যালাক্সি নোট সিরিজের ডিভাইসগুলোকে প্রতিস্থাপন করবে, ডিভাইসটিতে আলাদা স্লটসহ এস পেন স্টাইলাস থাকবে, এমন গুজব শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই।

গ্যালাক্সি এস২২, এস২২ প্লাস এবং এস২২ আল্টা-এ সবগুলো ডিভাইসই চলবে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে– বলছে প্রযুক্তি বিষয়ক সাইট সিনেটের তথ্য । ডিভাইস তিনটির স্ক্রিনের আকার হবে যথাক্রমে ৬.১ ইঞ্চি, ৬.৬ ইঞ্চি এবং ৬.৮ ইঞ্চি।

স্ক্রিন বাদে তিন ডিভাইসের মধ্যে সবচেয়ে পার্থক্য ক্যামেরাতে। এস২২ এবং এস২২ প্লাসের সামনের ক্যামেরা ১০ মেগাপিক্সেলের হলেও এস২২ আল্টা্র সামনের ক্যামেরা ৪০ মেগাপিক্সেলের।

এস২২ এবং এস২২ প্লাসের পেছনের ক্যামেরায় সেন্সর আছে তিনটি। এর মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, বাকি দুটির একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইল লেন্স সেন্সর এবং একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স।

কিন্তু এস২২ আল্টা্র পেছনের ক্যামেরা সেন্সর চারটি। এর মধ্যে মূল ক্যামেরা সেন্সরটি ১০৮ মেগাপিক্সেলের। সঙ্গে ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সরের সঙ্গে আরো আছে ১০ মেগাপিক্সেলের দুটি টেলিফটো লেন্স।

Image
ছবি: স্যামসাং

ছবি: স্যামসাং

২৪ এফপিএস মানে ৮কে ভিডিও এবং ৬০ এফপিএস মানে ৪কে ভিডিও ধারণে সক্ষম সবগুলো ডিভাইস।

১২৮ জিবি থেকে সর্বোচ্চ ২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ মিলবে এস২২ এবং এস২২ আল্ট্রায়। কেবল ১২৮জিবি’র ডিভাইসগুলোতে থাকবে ৮জিবি র‌্যাম। ২৫৬ জিবির ডিভাইসে র‌্যাম থাকবে ১২ জিবি।

৮জিবি র‌্যাম থাকবে ১২৮জিবি’র এস২২ আল্ট্রাতেও। সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজ মিলবে ডিভাইসটিতে। এস২২ লাইনআপের সবগুলো ডিভাইসে বাজারভেদে প্রসেসর হিসেবে থাকবে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনস চিপসেট অথবা কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট।

এস২২ আল্ট্রা থাকবে পাঁচ হাজার মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি। এস২২ এবং এস২২ প্লাসে থাকবে যথাক্রমে তিন হাজার সাতশ মিলিঅ্যাম্প আওয়ার এবং চার হাজার পাঁচশ মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি। আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইউএসবি-সি পোর্ট থাকবে তিনটি ডিভাইসেই। কিন্তু হেডফোন জ্যাক নেই এর একটিতেও।

সিনেটের দেওয়া তথ্য অনুযায়ী, মোবাইল সংযোগ সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ছাড়া এস২২ এর সর্বনিম্ন দাম হবে আটশ ডলার, এস২২ প্লাসের দাম এক হাজার ডলার। আর এস২২ আল্ট্রার দাম হবে এক হাজার দুইশ ডলার।