গবেষণা: পরিবেশবান্ধব প্রশ্নে বড় কর্পোরেটরা ‘বাড়িয়ে বলে’
বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজস্ব লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে বলে উঠে এসেছে ২৫টি শীর্ষ কর্পোরেশনের ওপর চালানো এক গবেষণায়।
কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নিয়মিতই তাদের অগ্রগতি সম্পর্কে “অতিরঞ্জিত বা ভুল” তথ্য প্রচার করে বলে উল্লেখ রয়েছে নিউ ক্লাইমেট ইনস্টিটিউটের প্রতিবেদনে।
গুগল, অ্যামাজন, আইকিয়া, অ্যাপল এবং নেসলের মতো প্রতিষ্ঠান সন্তোষজনক পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ এসেছে গবেষণায়। আর, পরিবেশবান্ধব পণ্যের চাহিদা দিনদিন বাড়ার ফলে প্রতিষ্ঠানগুলো নিজ নিজ পরিবেশগত প্রভাব হ্রাস করার প্রশ্নে চাপের মধ্যে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
তালিকায় থাকা ২৫টি প্রতিষ্ঠানের কয়েকটি এই প্রতিবেদন প্রসঙ্গে বলেছে, তারা এই গবেষণায় ব্যবহৃত কিছু পদ্ধতির সঙ্গে একমত নয়, তবে তারা জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্বব্যাপী যে গ্রিনহাউস-গ্যাস নির্গমন ঘটে, তার শতকরা পাঁচ ভাগের জন্য দায়ী এই ২৫ প্রতিষ্ঠান। এর মানে হচ্ছে, এদের বিশাল কার্বন ফুটপ্রিন্ট রয়েছে এবং পাশাপাশি জলবায়ু পরিবর্তন ঠেকানোয় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদের আরও কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।
গবেষণা প্রতিবেদনের লেখক টমাস ডে বিবিসিকে বলেন, তার দল মূলত কর্পোরেট জগতে ভাল অনুশীলনের খোঁজ করছিলেন। কিন্তু তারা “সোজা কথায় বলতে গেলে, প্রতিষ্ঠানগুলোর দাবির সামগ্রিক সততার প্রশ্নে বিস্মিত এবং হতাশ” হয়েছেন।
এর জবাবে অ্যামাজন বলছে, “আমাদের লক্ষ্য উচ্চাভিলাষী, কারণ আমরা জানি জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং আগের তুলনায় এখন আরও বেশি উদ্যোগ নেওয়া দরকার।”
“২০৪০ সালের মধ্যে নেট-শূন্য কার্বনে পৌঁছানোর অংশ হিসেবে অ্যামাজন ২০২৫ সালের মধ্যে শতকরা একশ’ ভাগ নবায়নযোগ্য শক্তি ব্যবহার করার পথে রয়েছে।”
আর নেসলে বলছে, “জলবায়ু পরিবর্তনের বিষয়ে আমাদের কর্মকাণ্ড ও প্রতিশ্রুতির চুলচেরা বিশ্লেষণকে আমরা স্বাগত জানাই। তবে হ্যাঁ, নিউ ক্লাইমেট ইনস্টিটিউটের কর্পোরেট ক্লাইমেট রেসপনসিবিলিটি মনিটর (সিসিআরএম) প্রতিবেদনে আমাদের পদ্ধতি বোঝার অভাব রয়েছে এবং এতে উল্লেখযোগ্য ত্রুটিও রয়েছে।”
গবেষণাটি পরিচালনা করেছে অলাভজনক সংস্থা নিউ ক্লাইমেট ইনস্টিটিউট এবং কার্বন মার্কেট ওয়াচ।
কার্বন নির্গমন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো প্রকাশ্যে যেসব প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা প্রকাশ করেছে এই গবেষণায় সেই বিষয়গুলোর অগ্রগতি বিবেচনায় এসেছে।
বিজ্ঞানীরা বলছেন, বিশ্বব্যাপী জলবায়ুর গড় তাপমাত্রা বৃদ্ধি থামাতে হলে অবশ্যই কার্বন নিঃসরণ ২০৫০ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনতে হবে। এই লক্ষ্যকেই সহজ ভাষায় নেট-জিরো বলা হয়।
এর মানে হচ্ছে, যতোটা সম্ভব নির্গমন হ্রাস করা এবং যে কার্বন বাতাসে মেশে সেটুকু অপসারণ করে ভারসাম্য বাজায় রাখা।
এ হিসেব থেকেই প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব লক্ষ্য নির্ধারণ করে। উদাহরণস্বরূপ, গুগল ২০৩০ সালের মধ্যে কার্বন-শূন্য হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, আইকিয়া ২০৩০ সালের মধ্যে নিঃসরিত কার্বন কমানোর দিকে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পণ্য পরিবহন থেকে শুরু করে কারখানা বা দোকানে ব্যবহৃত শক্তি পর্যন্ত প্রতিটি ধাপেই কার্বন নির্গমন ঘটে। গবেষণার হিসেবে ফসল ফলানো বা গাছ কাটার কার্বন ফুটপ্রিন্টও এসেছে।
গবেষণায় প্রতিটি প্রতিষ্ঠানকে একটি “সততা রেটিং” দিয়েছেন গবেষকরা। এতে দেখা গেছে, কোনো কোনো প্রতিষ্ঠান কার্বন নিঃসরণ কমানোয় তুলনামূলকভাবে ভাল কাজ করছে, তবে সবারই উন্নতির সুযোগ রয়েছে বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে। আর, কোনো প্রতিষ্ঠানই “উচ্চ সততা” মান পায়নি।
