২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নিজ দেশেই নজরদারির অভিযোগে এনএসও গ্রুপ

এবার নিজ দেশ ইসায়েলেই তদন্তের মুখে পড়ছে স্পাইওয়্যার নির্মাতা এনএসও গ্রুপ। আন্তর্জাতিক অঙ্গনের রাজনীতিবিদ, সংবাদকর্মী ও বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের শীর্ষ ব্যক্তিদের উপর সাইবার নজরদারিতে ব্যবহৃত ‘পেগাসাস’ স্পাইওয়্যারের নির্মাতা হিসেবে গেল বছরেই আলোচনায় এসেছিল প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2022, 03:26 PM

Updated : 02 Aug 2022, 02:52 PM

এনএসও গ্রপের বিরুদ্ধে নতুন অভিযোগ, অনুমতি ছাড়া ইসরায়েলি নাগরিকদের স্মার্টফোন হ্যাক করতে প্রতিষ্ঠানটির স্পাইওয়্যার ব্যবহার করেছে ইসরায়েল পুলিশ। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসরায়েল সরকার একটি তদন্ত কমিশন গঠন করতে যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ইসরায়েলের স্থানীয় সংবাদপত্র ক্যালকালিস্ট জানিয়েছে, এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যারের ভুক্তভোগীদের তালিকায় আছেন বিভিন্ন খাতের কর্মকর্তা, সংবাদকর্মী, এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রীর সন্তানও। নেতানিয়াহুর দুর্নীতি মামলার এক সাক্ষীও সাইবার নজরদারির শিকার হয়েছিলেন বলে জানিয়েছে বিবিসি।

ওই অভিযোগগুলো সত্যি প্রমাণিত হলে, সেটি “খুবই গুরুতর” একটা বিষয় হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

২০২১ সালের পেগাসাসকাণ্ডে আলোচনায় এসেছিল এনএসও গ্রুপ। আন্তর্জাতিক অঙ্গনের সাংবাদিক, অধিকারকর্মী এবং রাজনৈতিক প্রতিপক্ষের উপর নজরদারির হাতিয়ার হিসেবে বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করেছে স্বৈরাচারী বাদী সরকারগুলো।

প্রতিষ্ঠানটি এতোদিন দাবি করেছে, ক্রেতার কাছে সফটওয়্যার বিক্রির পর এর পরিচালনায় কোনো ভূমিকা রাখে না তারা এবং ইসরায়েলের নাগরিকদের উপর পেগাসাসের ব্যবহার সম্ভব নয়। কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে ধোপে টিকছে প্রতিষ্ঠানটি সে দাবি। খোদ ইসরায়েল সরকারের তদন্তের উদ্যোগ প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি এনএসও গ্রুপ।

ভুক্তভোগীর স্মার্টফোন থেকে মেসেজ, ছবি এবং ইমেইল চুরির পাশাপাশি ফোন কল রেকর্ড করতে এবং গোপনে ডিভাইসের মাইক্রোফোন ও ক্যামেরা চালু করে দেওয়ার সক্ষমতা আছে পেগাসাসের।

এ প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, “এই টুল (পেগাসাস) এবং এর মতো অন্যান্য টুলগুলো গুরুতর অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবেলার গুরুত্বপূর্ণ হাতিয়ার। কিন্তু এগুলো ফিশিং ক্যাম্পেইনে ব্যবহার বা ইসরায়েলের নাগরিক ও কর্মকর্তাদের উপর ব্যবহারের উদ্দেশ্য ছিল না। ঠিক এ কারণেই আমাদের বোঝা দরকার যে আসলে কী হয়েছে।” এই প্রসঙ্গে ইসরায়েলে সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা’র সঙ্গে আলোচনার কথা বলেছেন বেনেট।

ইসরায়েলের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওমের বারলেভ জানিয়েছেন তদন্ত কমিশনের নেতৃত্ব দেবেন একজন অবসারপ্রাপ্ত বিচারক এবং “নাগরিক অধিকার ও গোপনতা লঙ্ঘন করা হয়েছে কী না সে বিষয়ে গভীরভাবে তদন্ত করবে” ওই কমিশন।

ক্যালকালিস্টের প্রতিবেদন অনুযায়ী, এনএসও’র স্পাইওয়্যার নজরদারির শিকার হয়েছেন ইসরায়েলের কয়েক ডজন নাগরিক।  আদালতের কোনো অনুমতি বা ওয়ারেন্ট ছাড়াই দেশটির পুলিশ বাহিনী তাদের নজরদারি চালাচ্ছিল বলে জানিয়েছে সংবাদপত্রটি।

সংবাদপত্রটির প্রতিবেদন অনুযায়ী, এনএসও স্পাইওয়্যারের নজরদারির শিকার হয়েছেন ইসরায়েলের পরিবহন, অর্থ ও বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালকরা। এ ছাড়াও ভুক্তভোগীর তালিকায় আছেন অধিকারকর্মীরা, চারটি শহরের মেয়র, নেতানেয়াহুর দুর্নীতি মামলার সাক্ষীসহ ব্যবসা খাতের একাধিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

ক্যালকালিস্টের প্রতিবেদন অনুযায়ী, এনএসও স্পাইওয়্যার ব্যবহারের ঘটনাগুলো ঘটেছে ২০১৫ সাল থেকে ২০১৮ সালের মধ্যে। ওই সময়ে ইসরায়েলের পুলিশ বাহিনীর প্রধান ছিলেন রনি আলশেইখ।