২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরই মোবাইলে আসছে ‘ওয়ারক্র্যাফট’

অবশেষে মোবাইল প্ল্যাটফর্মে আসছে জনপ্রিয় গেইমিং ফ্র্যাঞ্চাইজ ‘ওয়ারক্র্যাফট’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2022, 03:47 PM

Updated : 28 Apr 2022, 11:35 PM

‘হাই ফ্যান্টাসি’ ঘরানার এই মোবাইল গেইম চলতি বছরেই বাজারে আনার ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যাক্টিভিশন ব্লিজার্ড’।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের খবর দেয় অ্যাক্টিভিশন ব্লিজার্ড। ওই বিজ্ঞপ্তিতেই ২০২২ সালে মোবাইল প্ল্যাটফর্মে ‘ওয়ারক্র্যাফট’ সিরিজের অভিষেকের ঘোষণাটি ছিল।

অ্যাক্টিভিশন ব্লিজার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা য়, “২০২২ সালে ওয়ারক্র্যাফট ফ্র্যাঞ্চাইজে নতুন কনটেন্ট যোগ করার পরিকল্পনা করেছে ব্লিজার্ড। এর মধ্যে গেইমারদের হাতে ওয়ারক্র্যাফটের নতুন মোবাইল কনটেন্ট দেওয়ার পরিকল্পনাও আছে।”

তবে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মোবাইল গেইমটি নিয়ে বিস্তারিত জানায়নি তারা। এ বছর কোন সময়ে গেইমটি বাজারে আসতে পারে, সে বিষয়েও কোনো ধারণা দেয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো চমকপ্রদ তথ্য মিলেছে অ্যাক্টিভিশন ব্লিজার্ডের অন্যান্য জনপ্রিয় মোবাইল গেইমগুলো নিয়ে। ২০২১ সালে ‘কল অফ ডিউটি’ গেইমের মোবাইল সংস্করণে একশ কোটি ডলারের বেশি খরচ করেছেন গেইমাররা। অন্যদিকে, অ্যাপ স্টোরে আয়ের হিসাবে আধিপত্য ধরে রেখেছে ‘ক্যান্ডি ক্রাশ’।

২০২২ সালেই ‘ডিয়াব্লো ইমর্টাল’ মুক্তি দেওয়ার কথা রয়েছে অ্যাকটিভিশন ব্লিজার্ডের। ‘ডিয়াব্লো’ সিরিজের প্রথম মোবাইল গেইম এটি। বড় বাজেটের গেইমটির নির্মাণকাজ চলছে ২০১৮ সাল থেকে।

শীর্ষ গেইম নির্মাতা প্রতিষ্ঠানগুলো যে ক্রমশ মোবাইল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছে, তারই যেন প্রমাণ মিলছে অ্যাক্টিভিশন ব্লিজার্ডের পরিকল্পনা থেকে।