চীনের বাজারে অ্যাপ বন্ধ করেছে রোব্লক্স, আসবে নতুন রূপে
প্রচলনের পাঁচ মাসের মাথায় চীনের বাজারের জন্য তৈরি নিজস্ব অ্যাপটি বন্ধ করে দিয়েছে গেইমিং প্ল্যাটফর্ম ‘রোব্লক্স’। নির্মাতার বলছেন, “গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন” এনে পুননির্মাণের পথে যাবে প্রতিষ্ঠানটি, চীনের বাজারে ফের আসবে পরবর্তী কোনো সময়ে।
চীনের বাজারে রোব্লক্সের অ্যাপটি ‘লুওবুলেসি’ নামে পরিচিত। আইওএস এবং অ্যান্ড্রয়েড, উভয় প্ল্যাটফর্মেই অ্যাপটি বাজারজাত করেছিল রোব্লক্স। চীনের টেক জায়ান্ট টেনসেন্টের সঙ্গে জোট বেঁধে পরীক্ষামূলকভাবে অ্যাপটি বাজারজাত করা হয়েছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
চীনের অ্যাপ স্টোরগুলো থেকে রোব্লক্সের অ্যাপ সরিয়ে নেওয়া হয়েছে ৮ ডিসেম্বর। রোব্লক্সের চীনা ভাষার ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় স্থানীয় গেইমারদের ধন্যবাদ জানিয়ে “পণ্যটির আরো উন্নয়ন” চালিয়ে যাওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি।
ডেভেলপাররা বলছেন, “কিছু তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া জরুরী” হয়ে দাঁড়িয়েছে অ্যাপটির জন্য।
চীনের অ্যাপ বন্ধ করা প্রসঙ্গে ভার্জকে পাঠানো এক বিবৃতিতে রোব্লক্সের মুখপাত্র জেমস কে বলেন, “গেল বছর আমরা রোব্লক্স চায়না বাজারজাত করেছিলাম যা লুওবুলেসি নামেও পরিচিত। আমাদের লক্ষ্য ছিল চীনে থ্রিডি অভিজ্ঞতার একটি ভার্চুয়াল বিশ্ব তৈরি করা যা নির্মাণ প্রক্রিয়ার মধ্যেই পরীক্ষা করে দেখছিলাম আমরা।”
“এখন লুওবুলেসি নিয়ে আমাদের দীর্ঘ মেয়াদী লক্ষ্য অর্জনের জন্য ডেটা কাঠামোতে বিনিয়োগসহ অন্যান্য প্রয়োজনীয় বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য।”-- যোগ করেন তিনি।
ভার্জ বলছে, অ্যাপটির নতুন সংস্করণ নির্মাণের প্রস্তুতি নিচ্ছে রোব্লক্স। নতুন সংস্করণ কবে নাগাদ বাজারে আসবে সে প্রসঙ্গে কোনো তথ্য দেননি কে। চীনের বাজারে রোব্লক্সের উপস্থিতি স্বল্প সময়ের হলেও বাণিজ্যসংবাদ প্রকাশনা ফাইন্যানশিয়াল টাইমস বলছে, চীনের স্থানীয় প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে টিকে থাকতে সংগ্রাম করতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। বাইটড্যান্সের মালিকানাধীন ‘রিওয়ার্ল্ড’ প্ল্যাটফর্মটিও প্রায় একই ধরনের সেবা দেয় চীনে।
তবে, রয়টার্স বলছে রোব্লক্সের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল চীন নিজেই। চীনের কঠোর নীতিমালার কারণে বেশ কিছু ফিচার সেন্সর করতে বাধ্য হয়েছে রোব্লক্স।
কঠোর নীতিমালা ও আইনপ্রণেতাদের চাপের মুখে গেল বছরে চীনের বাজার থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। নভেম্বর মাসে চীনের বাজারে জনপ্রিয় ভিডিও গেইম ‘ফোর্টানাইট’ বন্ধ করে দিয়েছে নির্মাতা এপিক গেইমস। এমনকি স্টিমের বৈশ্বিক সংস্করণও চীনের বাজারে নিষিদ্ধ।
ভিডিও গেইমকে এক পর্যায়ে ‘আসক্তি’ হিসেবেও আখ্যা দিয়েছে চীন কর্তৃপক্ষ; শিশুদের গেইম খেলার উপর আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ।
