২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সঙ্কটের জেরে কসোভোয় নিষিদ্ধ ক্রিপ্টো মাইনিং

ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণপূর্ব ইউরোপের দেশ কসোভো। বৈশ্বিক বাজারে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2022, 03:49 PM

Updated : 28 Apr 2022, 11:23 PM

স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের সূত্র খুঁজে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে দেশটির সরকার। ক্রিপ্টোকারেন্সি প্রযুক্তি নিয়ে বিশেষজ্ঞদের অভিযোগের জায়গা একটাই– এর মাত্রাতিরিক্ত বিদ্যুৎ খরচ।

বৈশ্বিক বিদ্যুৎ সঙ্কটের প্রভাব মোকাবেলা করতে কসোভো সরকার ক্রিপ্টো মাইনিং নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী।

বিটকয়েনের মতো ক্রিক্টোকারেন্সি মাইনিংয়ের জন্য “বিশেষায়িত মেশিন” ব্যবহার করতে হয় মাইনারদের। এই কাজে শক্তিশালী কম্পিউটার প্রয়োজন যার বিদ্যুৎ খরচও বেশি।

কেবল মাইনিং নয়, ক্রিপ্টোকারেন্সির ডিজিটাল লেনদেন নিশ্চিত করার পুরো প্রক্রিয়াটিতেই বিদ্যুৎ খরচ অনেক বেশি।

‘কারিগরি ত্রুটির কারণে’ ডিসেম্বর মাসে বন্ধ হয়েছে বালকান রাষ্ট্রটির বৃহত্তম কয়লা বিদ্যুৎ কেন্দ্র। ফলে বেশি দামে বিদ্যুৎ আমদানি করতে বাধ্য হচ্ছে প্রতিবেশি দেশগুলো থেকে। এর পাশাপাশি জ্বালানির দাম বেড়েছে ইউরোপ জুড়ে। ঊর্ধ্বমুখী দামের কারণে বিদ্যমান বিদ্যুৎ সঙ্কট আরো জোরালো হয়েছে কসোভোয়। নিয়মিত বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

কসোভো সরকার ৬০ দিনের জন্য জরুরী অবস্থা ঘোষণা করেছে ডিসেম্বর মাসে। এ সময়ে বিদ্যুৎ আমদানিতে আরো বেশি অর্থ বরাদ্দ পাচ্ছে দেশটির সরকার; পাশাপাশি, কঠোর বিধিনিষেধ এসেছে বিদ্যুৎ ব্যবহারের উপর।

এ অবস্থায় নাগরিক রোষের মুখে পড়েছেন দেশটির অর্থমন্ত্রী। নিয়মিত লোডশেডিংয়ের জেরে অর্থমন্ত্রী আর্টেন রিজভানোল্লির পদত্যাগের দাবিতে প্রতিবাদে নেমেছেন কসোভোর সাধারণ নাগরিকরা।

ইউরোপজুড়ে বিভিন্ন কারণে বিদ্যুতের দাম বেড়েছে বলে জানিয়েছে বিবিসি। একদিকে রাশিয়া থেকে জ্বালানির সরবরাহ কমেছে; অন্যদিকে, কোভিড মহামারীর প্রভাব কাটিয়ে ওঠা শুরু করেছে বিশ্ব অর্থনীতি, বেড়েছে প্রাকৃতিক গ্যাসের দাম।

মূল্য বৃদ্ধির পেছনে রাশিয়ার সঙ্গে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধিও বড় ভূমিকা রাখছে বলে উঠে এসেছে বিবিসি’র প্রতিবেদনে। ইউরোপে প্রাকৃতিক গ্যাস চাহিদার এক-তৃতীয়াংশ মেটায় রাশিয়া। একদিকে পূর্ব ইউক্রেইন নিয়ে উত্তেজনা বাড়ছে ইউরোপ জুড়ে; অন্যদিকে, গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। ওই অভিযোগ মানতে নারাজ রাশিয়া কর্তৃপক্ষ।

বিদ্যুৎ সঙ্কটের বিরূপ প্রভাব ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় কসোভোর উপর তুলনামূলক বেশি পড়েছে। দেশটির ভোক্তা চাহিদার ৪০ শতাংশ আমদানি করতে হচ্ছে বলে ডিসেম্বর মাসে জানিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিবিসি জানিয়েছে, কিছুদিন আগেও ইউরোপের অন্যান্য যে কোনো অঞ্চলের তুলনায় কসোভোর বিদ্যুৎ খরচ কম ছিল। তাই দেশটির তরুণদের মধ্যে আলাদা জনপ্রিয়তা ছিল ক্রিপ্টোমাইনিংয়ের। 

সাম্প্রতিক সময়ে ক্রিপ্টোমাইনিংয়ের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে চীন ও ইরানের মতো একাধিক রাষ্ট্র। ২০২১ সালে চার মাসের জন্য ক্রিপ্টোমাইনিং নিষিদ্ধ করেছিল ইরান; দেশটির বিদ্যুৎ খাত থেকে দৈনিক দুই গিগাওয়াট বিদ্যুৎ খরচ হচ্ছিল ক্রিপ্টোমাইনিং খাতে।