২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাপটপের মাদারবোর্ডে ‘পোড়া গন্ধ’, ডেকে পাঠিয়েছে আসুস

ক্রেতাদের অভিযোগের মুখে বিক্রি হয়ে যাওয়া মাদারবোর্ড ডেকে পাঠাতে বাধ্য হয়েছে আসুস। ‘জেড৬৯০ হিরো’ মাদারবোর্ডগুলো থেকে স্বাভাবিক ব্যবহারেই ‘পোড়া গন্ধ’ বের হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ক্রেতারা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2022, 06:40 PM

Updated : 28 Apr 2022, 11:22 PM

‘জেড৬৯০ হিরো’ মাদারবোর্ড নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে ক্রেতারা অভিযোগ তুললে এর সম্ভাব্য ত্রুটির কথা স্বীকার করেছে আসুস; ২০২১ সালে উৎপাদিত কিছু পণ্যে “ত্রুটির আশঙ্কা” করছে প্রতিষ্ঠানটি।

আসুসের নির্মিত ব্যয়বহুল মাদারবোর্ডগুলোর মধ্যে একটি ‘জেড৬৯০ হিরো’, শক্তিশালী গেইমিং ল্যাপটপের যন্ত্রাংশ হিসেবে ব্যবহৃত হয় এটি।

ভুক্তেভোগীদের অনেকেই স্ক্রিনে ‘বায়োস ওয়ার্নিং কোড ৫৩’ পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি। সতর্কতা সংকেতটির অর্থ মাদারবোর্ডের মেমোরি চিপ খুঁজে পাচ্ছে না কম্পিউটার। পাশাপাশি মাদারবোর্ডে পোড়া দাগ ও গন্ধও পেয়েছেন অনেকে। কম্পিউটারে আগুন লেগে যাওয়ার অভিযোগ করেছেন এক রেডিট ব্যবহারকারী।

রেডিটে ‘দ্যম্যাক্সএক্সএইচডি’ আইডি থেকে আসা অভিযোগ বলছে, ইন্টারনেটে ব্রাউজ করছিলেন তিনি, হঠাৎ বন্ধ হয়ে যায় কম্পিউটার, “আমি তাকিয়ে দেখলাম মাদারবোর্ডের যন্ত্রাংশে আগুন জ্বলছে।”

মাদারবোর্ডে ওই ত্রুটির বিষয়টি স্বীকার করেছে আসুস। নিজস্ব ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, “২০২১ সালে উৎপাদিত পণ্যে ত্রুটির আশঙ্কা রয়েছে”। নির্দিষ্ট যন্ত্রাংশ ও সিরিয়াল নম্বরও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

আসুসের বিবৃতিতে উল্লেখিত সিরিয়াল নম্বরগুলোর সঙ্গে পণ্যের প্যাকেটের গায়ে থাকা সিরিয়াল নম্বর মিলিয়ে দেখতে পারবেন ক্রেতারা। এ ছাড়াও আসুসের নিজস্ব ওয়েবসাইটে সিরিয়াল নম্বর লিখে সার্চ করে ক্রেতা জেনে নিতে পারবেন তার মাদারবোর্ডটি ত্রুটিপূর্ণ কি না।

আসুস বলছে, “আমরা সম্প্রতি আরওজি ম্যাক্সিমাস জেড৬৯০ হিরো মাদারবোর্ড নিয়ে কয়েকটি ঘটনার অভিযোগ পেয়েছি। যন্ত্রাংশ নম্বর  90MB18E0-MVAAY0 এবং MA, MB, অথবা MC দিয়ে শুরু হওয়া সিরিয়াল নম্বরের ২০২১ সালে উৎপাদিত পণ্যে ওই ত্রুটির আশঙ্কা রয়েছে।”