ইসরায়েলি সাইবার নিরাপত্তা স্টার্টআপ যাচ্ছে গুগল মালিকানায়
ইসরায়েলি সাইবার সিকিউরিটি স্টার্টআপ ‘সিয়েম্প্লিফাই’-কে কিনেছে গুগলের ক্লাউড বিভাগ। সাইবার আক্রমণের ক্রমবর্ধমান ঝুঁকির মুখে এই পদক্ষেপ নিল মার্কিন টেক জায়ান্ট।
মালিকানা হাতবদল চুক্তির খুঁটিনাটি বা অধিগ্রহণের খরচ কতো পড়লো, সে বিষয়ে মুখ খোলেনি উভয় প্রতিষ্ঠান। তবে, সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নগদ প্রায় ৫০ কোটি ডলারের বিনিময়ে ‘সিয়েম্প্লিফাই’-কে কিনেছে গুগল।
অগাস্ট মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আগামী পাঁচ বছরে সাইবার নিরাপত্তা খাতে এক হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে গুগল। অন্যদিকে, গেল বছরে বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যবসা ও অবকাঠামোগত প্রতিষ্ঠানের উপর সাইবার হামলার ঘটনা বেড়েছে লক্ষ্যণীয় হারে।
বিভিন্ন বিনিয়োগকারীর কাছ থেকে পাঁচ কোটি ৮০ লাখ ডলারের তহবিল জোগার করেছিল ‘সিয়েম্প্লিফাই’; সেবাগ্রাহকদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা গুছিয়ে দেওয়া, অটোমেশন এবং সাইবার অপরাধের ভুক্তভোগী হলে তাতে দ্রুত সাড়া দেওয়ার মতো সেবা দেয় প্রতিষ্ঠানটি।
গুগল ক্লাউডের সঙ্গে জোট বাঁধায় ‘সিয়েম্প্লিফাই’ নিয়ে ক্রেতাদের আগ্রহ বেড়েছিল বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স; প্রতিষ্ঠানটি আগ্রহী বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগ সংগ্রহ করছিল।
মহামারীর প্রকোপে বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা নিজের ঘর থেকেই কাজ করতে বাধ্য হয়েছেন। ওই পরিস্থিতিতে দ্বিগুণ হয়ে পাঁচশ কোটি ডলারের ঘরে পৌঁছেছে গুগলের ক্লাউড ব্যবসা। ব্যবসা প্রসারের সঙ্গে সঙ্গে বেড়েছে সাইবার ঝুঁকি। নিজস্ব সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বেশিরভাগ শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান।
গুগল বলছে, নিজস্ব ক্লাউড সেবার সঙ্গে ‘সিয়েম্প্লিফাই’ প্ল্যাটফর্ম সমন্বয় করবে তারা। প্রতিষ্ঠানটি যে সক্ষমতা অর্জনের জন্য বিনিয়োগ করছে তার মূলভিত্তি হিসেবে কাজ করবে ইসরায়েলি প্রতিষ্ঠানটির প্রযুক্তি সেবা।
