৫জি নিয়ে মার্কিন সরকারের অনুরোধে মোবাইল সেবাদাতাদের ‘না’
৫জি’র প্রযুক্তির প্রচলন দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন মার্কিন কংগ্রেসের জনপ্রতিনিধিরা। সেই ‘অনুরোধ’ প্রত্যাখান করেছে দেশটির শীর্ষ দুই মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান। ৫জি প্রযুক্তি বহুল প্রচলনের পূর্বনির্ধারিত দিন হিসেবে ৫ জানুয়ারিতেই অটল থাকছে তারা।
সপ্তাহের শুরুতেই সি-ব্যান্ড স্পেকট্রাম ৫জি ওয়্যারলেস প্রযুক্তি প্রচলনে আরো দুই সপ্তাহ অপেক্ষা করার আহ্বান জানিয়ে দেশের শীর্ষ দুই মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি এবং ভেরাইজনের শীর্ষ কর্মকর্তাদের কাছে চিঠি লিখেছিলেন যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী পিট বুটিজেজ এবং ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)’ ব্যবস্থাপক স্টিভ ডিকসন।
ওই ‘অনুরোধ’ উভয় প্রতিষ্ঠান প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে বিবিসি। তবে ‘অস্থায়ী নিরাপত্তা ব্যবস্থা’ প্রয়োগের আশ্বাস দিয়েছে তারা।
সি-ব্যান্ড ৫জি ওয়্যারলেস সিগনাল উড়োজাহাজের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে এবং নিয়মিত ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে– আগেই এমন আশঙ্কার কথা জানিয়েছেন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও এয়ারবাসের শীর্ষ কর্মকর্তারা।
পরিবহন মন্ত্রী ও এফএএ ব্যবস্থাপকের লেখা চিঠির জবাবে এটিঅ্যান্ড এবং ভেরাইজনের প্রধান নির্বাহীরা বলেছেন, বাণিজ্যিক পরিসরে ৫জি’র অভিষেকের দিন ৫ জানুয়ারি থেকে আরো পিছিয়ে দিলে, তা “প্রতিযোগিতামূলক যোগাযোগ নেটওয়ার্কে বৈশ্বিক মান তৈরি, পরিচালনা নিয়ন্ত্রণের সুযোগ দায়িত্বহীনের মতো প্রত্যাখ্যান করা হবে।”
তবে, এয়ারপোর্টের আশপাশে আরো ছয় মাস ৫জি সেবা চালু না করার কথা বলেছে প্রতিষ্ঠান দুটি। একই কৌশল অবলম্বন করা হচ্ছে ফ্রান্সেও।
চিঠির যৌথ উত্তরে এটিঅ্যান্ডটি এবং ভেরাইজন বলেছে “পদার্থ বিজ্ঞানের নিয়ম-নীতি যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সে একই। যদি যুক্তরাষ্ট্রের এয়ারলাইনগুলোকে প্রতিদিন ফ্রান্সে ফ্লাইট পরিচালনা করতে দেওয়া হয়, তাহলে ওই একই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ফ্লাইট চালু রাখতে পারার কথা তাদের।”
তবে, এফএএ বলছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের পরিস্থিতি এক নয়, যুক্তরাষ্ট্রের তুলনায় তুলনামূলক কম শক্তির ৫জি প্রযুক্তি ব্যবহার করে ফ্রান্সের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।
৫জি সংযোগ সেবার প্রচলন নিয়ে যুক্তরাষ্ট্রের এভিয়েশন শিল্প এবং সরকারি প্রতিনিধিরা আপত্তি তুলেছেন অতীতের বিভিন্ন সময়ে। গেল মাসে পরিবহন মন্ত্রী বুটিজেজের কাছে লেখা এক চিঠিতে বোয়িং ও এয়ারবাসের শীর্ষ কর্মকর্তারা বলেছিলেন, “উড়োজাহজগুলোর নিরাপদ পরিচালনার সক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে ৫জি।”
চিঠিতে বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘এয়ারলাইনস ফর আমেরিকা’র গবেষণা থেকে পাওয়া তথ্য উল্লেখ করেছেন দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। গবেষণা প্রতিবেদন বলছে, ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)’র ৫জি নীতিমালা ২০১৯ সালে কার্যকর হলে প্রায় তিন লাখ ৪৫ হাজার যাত্রীবাহী ফ্লাইট এবং পাঁচ হাজার চারশ’ কার্গো ফ্লাইট বিলম্বিত বা বাতিল হতো।
