২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ৫জি’র যাত্রা পেছাতে পারে আরও দুই সপ্তাহ

স্থানীয় এভিয়েশন শিল্প আর নিয়ন্ত্রক সংস্থার আপত্তিতে যুক্তরাষ্ট্রে ৫জি প্রযুক্তির প্রচলন সম্ভবত আরও দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। ৫জি ওয়্যারলেসের সি-ব্যান্ড স্পেকট্রাম উড়োজাহাজের যন্ত্রপাতির কার্যক্ষমতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2022, 07:21 PM

Updated : 25 Jul 2022, 04:37 PM

যুক্তরাষ্ট্রে ৫জি সংযোগ চালু হওয়ার কথা ছিল পাঁচ জানুয়ারি। তবে, রয়টার্স জানিয়েছে, মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি এবং ভেরাইজনকে ৫জি ওয়্যারলেস চালু করার বেলায় আরো দুই সপ্তাহ অপেক্ষা করতে বলে চিঠি লিখেছেন পরিবহন মন্ত্রী পিট বুটিজেজ এবং যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ব্যবস্থাপক স্টিভ ডিকসন। ওই চিঠি দেখার সুযোগ হয়েছে রয়টার্সের।

৫জি ওয়্যারলেস প্রযুক্তি উড়োজাহাজের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন এফএএ এবং যুক্তরাষ্ট্রের এভিয়েশন শিল্পের শীর্ষ কর্মকর্তারা।

“পূর্বিনির্ধারিত ৫ জানুয়ারির পর স্রেফ অল্প সময়ের জন্য আমরা আপনাদের প্রতিষ্ঠানকে সি-ব্যান্ড সেবা প্রচলনে বিলম্বের আহ্বান জানাচ্ছি। ওই বিলম্ব দুই সপ্তাহের বেশি হবে না।” – উল্লেখ রয়েছে ওই চিঠিতে।

চিঠি পাওয়ার খবর নিশ্চিত করেছে এটিঅ্যান্ডটি এবং ভেরাইজন। তবে প্রতিষ্ঠান দুটি ক্ষোভ ঝেড়েছে স্থানীয় এভিয়েশন শিল্পের উপর। এভিয়েশন শিল্প সি-ব্যান্ড স্পেকট্রামের প্রচলন “জিম্মি করে ওয়্যারলেস শিল্পকে দিয়ে অকার্যকর অল্টিমিটার আপগ্রেডের খরচ বহন করাতে চাচ্ছে” বলে অভিযোগ তুলেছে প্রতিষ্ঠান দুটি।

বুটিজেজ ও ডিকসন বলছেন, বিদ্যমান কাঠামোতে “বাণিজ্যিক সি-ব্যান্ড সেবা পরিকল্পনা অনুযায়ী জানুয়ারিতে শুরু হবে। তবে, গুরুত্বপূর্ণ কিছু এয়ারপোর্ট ব্যতিক্রম হিসেবে বিবেচিত হবে।”

রয়টার্স জানিয়েছে, গুরুত্বপূর্ণ এয়াপোর্টগুলোকে চিহ্নিত করবে এফএএ এবং স্থানীয় এভিয়েশন শিল্প। ওই এয়ারপোর্টগুলোতে “একটি বাফার জোন এভিয়েশন কর্মকাণ্ড পরিচালনার সুবিধা দেবে” এবং ওই সময়ে মধ্যে উড়োজাহাজের যন্ত্রাংশে সি-ব্যান্ড স্পেকট্রামের প্রতিবন্ধকতা সৃষ্টির ঝুঁকি যাচাই করে দেখবে এফএএ।

মোবাইল সংযোগ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো মার্কিন সরকারের ৫জি নিলাম জিতে নিয়েছিল আট হাজার কোটি ডলারের বিনিময়ে। উড়োজাহাজ নির্মাতা ও এভিয়েশন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আপত্তির মুখে ৫জি প্রযুক্তির বাণিজ্যিক প্রচলন ছয় মাস পিছিয়ে দিয়েছিল উভয় প্রতিষ্ঠান।