ফের মৃত্যু ঘোষণা এলো ব্ল্যাকবেরির, সম্ভবত আরো আসবে!
অতীতেও একাধিকবার মৃত্যু ঘোষণা এসেছে ব্ল্যাকবেরির। এলো আবার। এবং সম্ভবত ভবিষ্যতেও আসবে!
এক সময়ের স্মার্টফোন সমার্থক ব্ল্যাকবেরি বাজার হারিয়েছে। এরপর প্রতিষ্ঠানটি অ্যান্ড্রয়েড ফোন তৈরির চেষ্টা করেছে। ব্যর্থ হয়েছে সে উদ্যোগ। এরপর তৃতীয় পক্ষীয় প্রতিষ্ঠান, যেমন টিসিএল-এর মাধ্যমে ব্ল্যাকবেরি ফোন তৈরির চেষ্টা হয়েছে। হালে পানি পায়নি সেটাও।
এই প্রতিটি রূপান্তরের পরপরই এসেছে মৃত্যুসংবাদ। এবার প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, এ বছর ৪ জানুয়ারির পর ব্ল্যাকবেরির মূল অপরেটিং সিস্টেমে চলে এমন ফোন চালু থাকার কোনো নিশ্চয়তা কানাডিয়ান নির্মাতা প্রতিষ্ঠানটি আর দিচ্ছে না।
এই তালিকায়, ব্ল্যাকবেরি ১০ এবং ব্ল্যাকবেরি ৭.২ বা এর আগের মডেলগুলো রয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
এরপর আবার এই ব্র্যান্ডের মৃত্যুসংবাদ আসবে কবে? কোনো নির্দিষ্ট তারিখ না বললেও প্রতিবেদনে উঠে এসেছে অ্যান্ড্রয়েড চালিত এই ব্র্যান্ডের ফোনগুলো নতুন এই মৃত্যুঘোষণার আওতায় পড়বে না। ফলে, সেগুলো আপাতত চালুই থাকছে।
ব্ল্যাকবেরির শীর্ষ ভক্তদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অন্যতম। ছবি: রয়টার্স
কারণ, প্রতিষ্ঠানটির ঘোষণা অনুসারে ৪ জানুয়ারির পর ব্ল্যাকবেরির অপারেটিং সিস্টেমে চলা ফোনগুলোয় আর এমন কোনো নিশ্চয়তা থাকবে না যে, আপনি সেটি দিয়ে ফোন করতে পারবেন, এসএমএস পাঠাতে পারবেন, ডেটা ব্যবহার করতে পারবেন বা জরুরী প্রয়োজনে ৯১১ নম্বরে (মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় জরুরী সেবার নম্বর, বাংলাদেশে এটি ৯৯৯) সহায়তা চাইতে পারবেন।
“যাই হোক, এখনও অ্যান্ড্রয়েডভিত্তিক ব্ল্যাকবেরি ফোনগুলো চলছে। এভাবেই ব্ল্যাকবেরি নামটি টিকে আছে এখনও।” - প্রতিবেদনে বলেছে ভার্জ। “এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক অনওয়ার্ডমবিলিটি নামে একটি প্রতিষ্ঠান ২০২১ সালের জানুয়ারিতে জানিয়েছিল, তারা ৫জি ব্ল্যাকবেরি ডিভাইস আনবে। যদিও আর কোনো কথাবার্তা শোনা যায়নি এর পর।”
“উদ্যোগটি সফল বা ব্যর্থ যাই হোক না কেন, আমরা সম্ভবত ফের একত্র হবো এর প্রয়াণে শোক প্রকাশ করার জন্য।”
