‘অ্যান্টি-৫জি’ পণ্যে ক্ষতিকর তেজস্ক্রিয়তা পেয়েছে ডাচ কর্তৃপক্ষ
করোনা মহামারীর ভ্যাকসিনের মতো ৫জি প্রযুক্তি নিয়েও শোরগোল তুলেছেন পশ্চিমা ষড়যন্ত্র তাত্ত্বিকরা। পশ্চিমা বাজারে জোর গুজব ছড়িয়েছে, মানব দেহের উপর বিরূপ প্রভাব ফেলে ৫জি প্রযুক্তি। এই ‘বিরূপ প্রভাব’ মোকাবেলার মাধ্যম হিসেবে বাজারজাতকৃত অন্তত দশটি পণ্যে ক্ষতিকর তেজস্ক্রিয়তার উপস্থিতি পেয়েছে ডাচ কর্তৃপক্ষ।
৫জি থেকে ‘সুরক্ষা’র প্রতিশ্রুতি দেওয়া অন্তত দশটি পণ্যে মানব দেহের জন্য ক্ষতিকর ‘আয়নাইজিং রেডিয়েশন’-এর উপস্থিতি শনাক্ত করেছে পারমানবিক শক্তি ও তেজস্ক্রিয়তা নিরাপত্তাবিষয়ক ডাচ কর্তৃপক্ষ ‘এএনভিএস’। পণ্যগুলো নিয়ে সতর্কতা জারি করেছে সংস্থাটি।
পণ্যগুলোর ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এএনভিএস। দীর্ঘমেয়াদে ওই পণ্যের ব্যবহার ক্ষতির কারণ হতে পারে বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।
মানব দেহের উপর ৫জি প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের কোনো প্রমাণ নেই বলে জানিয়েছে বিবিসি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও)-এর মতে, ৫জি নেওয়ার্ক নিরাপদ এবং বিদ্যমান ৩জি বা ৪জি নেটওয়ার্কের সঙ্গে মৌলিক কোনো পার্থক্য নেই এর। ‘নন-আয়নাইজিং রেডিও ওয়েভ’ ব্যবহার করে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক; যা মানব দেহের ডিএনএ’র কোনো ক্ষতি করে না।
মানব দেহের উপর ৫জি নেটওয়ার্কের ক্ষতিকর প্রভাবের কোনো প্রমাণ না থাকলেও ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা একাধিক ৫জি ট্রান্সমিটারে হামলা চালিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
৫জি নেটওয়ার্ক থেকে সাধারণ ব্যবহারকারীদের ‘সুরক্ষা’ দেবে– এমন পণ্য বিক্রি হচ্ছে পশ্চিমা বাজারে। এর মধ্যে এএনভিএস যে পণ্যগুলোতে মানব দেহের জন্য ক্ষতিকর তেজস্ক্রিয়তার উপস্থিতি পেয়েছে, তার মধ্যে আছে শিশুদের ব্রেসলেট, স্লিপিং মাস্ক এবং গলার হার।
“ওগুলো আর পড়বেন না। নিরাপদে আলাদা করে রেখে ফেরত পাঠানোর নির্দেশনার জন্য অপেক্ষা করুন।”-- তেজস্ক্রিয় পণ্যগুলোর ক্রেতাদের উদ্দেশ্যে বলেছে এএনভিএস।
“নেদারল্যান্ডসের যে বিক্রেতাদের ব্যাপারে এএনভিএস অবহিত আছে তাদের বিক্রয় নিষেধাজ্ঞা বিষয়ে জানানো হয়েছে এবং তাৎক্ষণিক বিক্রি বন্ধ করতে বলা হয়েছে। নিজস্ব ক্রেতাদেরও এ ব্যাপারে জানাতে বাধ্য তারা।”-- এক বিবৃতিতে বলেছে সংস্থাটি।
বিবিসি বলছে, যদিও পণ্যগুলোর কার্যকারিতার কোনো প্রমাণ নেই, ওই ‘অ্যান্টি-৫জি’ পণ্যগুলোর বাজার উপস্থিতির পেছনে ষড়যন্ত্র তাত্ত্বিকদের ভূমিকাই বেশি। ২০২০ সালে মে মাসেই ৩৩৯ পাউন্ড দামের একটি ইউএসবি স্টিকের বিক্রি বন্ধ করতে বলেছিল যুক্তরাজ্যের বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। বিক্রেতাদের দাবি ছিল, ৫জি প্রযুক্তি থেকে সুরক্ষা দিতে পারে ওই ইউএসবি স্টিক।
বর্তমানে অ্যামাজনেও বিক্রি হচ্ছে কথিত ‘অ্যান্টি রেডিয়েশন স্টিকার’। তবে, তেজস্ক্রিয়তার উপস্থিতি পাওয়া গেছে এমন সব পণ্যের তালিকা নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করেছে এএনভিএস।
