ব্যবহারকারী সংখ্যা দুইশ’ কোটিতে, কিন্তু চুপ ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা সম্ভবত দুইশ’ কোটির মাইলফলক ছুঁয়েছে; কিন্তু এই ‘অর্জন’ নিয়ে কোনো হৈচৈ করছে না ফটো ও ভিডিও শেয়ারিং সাইটটি। সংশ্লিষ্টদের ধারণা, গেল কয়েক মাসের বিতর্ক আর সমালোচনার জেরে নতুন অর্জন নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া থেকে বিরত থাকছে প্রতিষ্ঠানটি।
ইনস্টাগ্রামের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা দুইশ’ কোটি ছাড়িয়ে গেছে বলে মার্কিন টিভি চ্যানেল সিএনসিবি-কে জানিয়েছে প্রতিষ্ঠানটিরই একাধিক কর্মী। কিন্তু গেল কয়েক মাসে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের উপর নিজেদের বিরূপ প্রভাবে ব্যাপারে জানা থাকলেও পুরো বিষয়টি চেপে যাওয়ার অভিযোগে নানা দিক থেকে সমালোচনা ও চাপের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
নিজেদের ব্যবহারকারীর সংখ্যা নিয়ে ইনস্টাগ্রাম সর্বশেষ আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল ২০১৮ সালে। সেবছর একশ’ কোটি নিয়মিত ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছিল প্রতিষ্ঠানটি।
নাম গোপন রাখার শর্তে ইনস্টাগ্রাম কর্মীরা সিএনবিসি-কে জানিয়েছেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আলাপচারিতা থেকেই ব্যবহারকারীর সংখ্যা দুইশ’ কোটি ছাড়ানোর ব্যাপারে জানতে পেরেছেন তারা। ফেইসবুক নাম পাল্টানোর সিদ্ধান্ত নেওয়ার এক সপ্তাহ আগেই ইনস্টাগ্রাম দুইশ’ কোটির মাইল ফলক ছুঁয়েছে– এমনটাও বলেছেন এক কর্মী।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, টিকটকের চেয়ে এগিয়ে থাকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইনস্টাগ্রাম। সেপ্টেম্বর মাসেই একশ’ কোটি নিয়মিত ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে টিকটক। ইনস্টাগ্রাম এখনও টিকটকের চেয়ে এগিয়ে থাকলেও এই পরিস্থিতি কতোদিন অপরিবর্তিত থাকবে সে বিষয়টিও পরিষ্কার নয়। বর্তমানে টিকটককের ফিচার অনুকরণে নতুন নতুন ফিচার উন্মুক্ত করছে ইনস্টাগ্রাম এবং সদ্য প্রকাশিত ‘রিলস ভিজুয়াল রিপ্লে’ তারই উদাহরণ বলে মন্তব্য করেছে সাইটটি।
তবে, আপাতত বড়াই করার মতো পরিস্থিতিতেও ইনস্টাগ্রাম নেই বলে মন্তব্য করেছে ভার্জ। শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের উপর প্ল্যাটফর্মটির বিরূপ প্রভাবের প্রমাণ উঠে এসেছে ইনস্টাগ্রামের নিজস্ব গবেষণাতেই। তারপরও পুরো বিষয়টি অগ্রাহ্য করে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে গেছে প্ল্যাটফর্মটি।
অভ্যন্তরীণ গবেষণার ফলাফল অগ্রাহ্য করার খবর ফাঁস হওয়ার পর নানা পরিবর্তন এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। স্থগিত করা হয়েছে ‘ইনস্টাগ্রাম কিডস’ প্রকল্প, বাজারে অভিষেক হয়েছে নতুন ‘টেক এ ব্রেক’ ফিচারের। এ ছাড়াও নতুন ‘প্যারেন্টাল কন্টোল টুল’-এর ঘোষণাও দিয়েছে প্রতিষ্ঠানটি।
ব্যবহারকারীদের সংখ্যা দুইশ’ কোটি ছাড়ানো প্রসঙ্গে ভার্জকে প্রতিক্রিয়া জানানোর অনুরোধে তাৎক্ষণিকভাবে সারা দেয়নি ইনস্টাগ্রাম।
