ম্যাক্রোঁ: সামাজিক মাধ্যমে বিদ্বেষ ঠেকাতে নতুন নীতিমালা বানাবে ইইউ
ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে সামাজিক মাধ্যমগুলোতে বিদ্বেষপূর্ণ কন্টেন্ট মোকাবেলায় নতুন নীতিমালা গঠনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। নতুন নীতিমালায় নিজস্ব প্ল্যাটফর্মে বিদ্বেষপূর্ণ কন্টেন্টের দায় ওই প্ল্যাটফর্মকেই নিতে হবে।
জানুয়ারি মাসে ২৭টি দেশের ইউরোপিয়ান কাউন্সিলের নেতৃত্ব নিতে যাচ্ছে ফ্রান্স। রয়টার্সের প্রতিবেদন বলছে, ফ্রান্স এই দায়িত্ব এমন একটি সময়ে নিচ্ছে যখন বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর নতুন বিধি-নিষেধ আরোপের চিন্তা করছে পুরো ইউরোপ।
প্যারিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন “অনলাইন বিদ্বেষ ঠেকানোর অভূতপূর্ব নীতিমালা এটি, যা এই বড় প্ল্যাটফর্মগুলোর কন্টেন্ট নিয়ে দায়িত্ব সঙ্গায়িত করবে।”
“প্রতিদিন আমাদের ইহুদিবিদ্বেষ, জাতিবিদ্বেষ, বিদ্বেষমূলক বক্তব্য এবং অনলাইন হয়রানির মতো বিষয়গুলো নিয়ে মাথা ঘামাতে হয়। এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক কোনো নীতিমালাও নেই এখন।”-- যোগ করেন তিনি।
রয়টার্স জানিয়েছে, অ্যামাজন, অ্যাপল, ফেইসবুক এবং গুগলের মতো প্রতিষ্ঠানগুলোর কথা মাথায় রেখে ‘ডিজিটাল মার্কেটস অ্যাক্ট’ এবং ‘ডিজিটাল সার্ভিস অ্যাক্ট’ নামের দুটি আলাদা আইনের প্রস্তাব করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের বাজার পর্যবেক্ষক প্রধান মার্গ্রেথ ভেস্টেগার।
এর মধ্যে ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট’ প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব প্ল্যাটফর্মে বেআইনি কন্টেন্ট ঠেকাতে তৎপরতা বাড়াতে বাধ্য করবে; ব্যর্থ হলে বৈশ্বিক আয়ের ছয় শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে প্রতিষ্ঠানগুলোকে।
ইউরোপিয়ান কমিশন ২০২২ সাল থেকে এই বিষয়ে ইউরোপের বিভিন্ন দেশের সরকার ও আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনা শুরু করবে বলে জানিয়েছে রয়টার্স। আর নতুন নীতিমালাগুলো কার্যকর হতে পারে ২০২৩ সাল নাগাদ।
