অ্যামাজনকে ইতালির ১২৮ কোটি ডলারের রেকর্ড জরিমানা
বাজারে শক্ত অবস্থানের সুযোগ নিয়ে প্রতিযোগিতাবিমুখ কর্মকাণ্ডের অভিযোগে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে একশ’ ২৮ কোটি মার্কিন ডলারের রেকর্ড জরিমানা করেছে ইতালির অ্যান্ট্রিট্রাস্ট পর্যবেক্ষক। ইউরোপের বাজারে মার্কিন প্রতিষ্ঠানটির উপর আরোপিত সবচেয়ে বড় জরিমানাগুলোর একটি এটি।
ইতালির বাজার পর্যবেক্ষকদের সঙ্গে “জোরালোভাবে দ্বিমত” পোষণ করেছে অ্যামাজন। জরিমানার বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গোপনতা ও নিরাপত্তার প্রশ্নে সাম্প্রতিক কয়েকটি কেলেঙ্কারীর ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের বাজার পর্যবেক্ষক ও নিয়ন্ত্রকদের সমালোচনা ও অনুসন্ধানের মুখে পড়ছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। কিছু প্রতিষ্ঠান বাজারে নিজেদের শক্ত অবস্থারের অপব্যবহার করে প্রতিযোগিতাবিমুখ কর্মকাণ্ডে জরিয়ে পড়ছে– উঠেছে এমন অভিযোগও।
রয়টার্স বলছে, সাম্প্রতিক সময়ে অ্যামাজনের পাশাপাশি ইউরোপের বাজারে সমালোচনা ও অনুসন্ধানের মুখে পড়েছে অ্যালফাবেট ইনকর্পোরেটেড’র গুগল, ফেইসবুক ইনকর্পোরেটেড, অ্যাপল ইনকর্পোরেটেড এবং মাইক্রোসফট কর্পোরেশনের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো।
ইতালির বাজার পর্যবেক্ষক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, অ্যামাজন ইতালির বাজারে নিজের শক্ত অবস্থান ব্যবহার করে অ্যামাজন ডটআইটি-তে উপস্থিত বিক্রেতাদের নিজস্ব লজিস্টিক সেবা ‘ফুলফিলমেন্ট বাই অ্যামাজন (এফবিএ)’ ব্যবহারে বাধ্য করেছে।
বাজার পর্যবেক্ষক সংস্থাটি বলছে, এফবিএ ব্যবহারের জন্য বিক্রেতাদের বাড়তি খাতিরও করতো অ্যামাজন। অ্যামাজন আইটি-তে পণ্যের প্রচারণা এবং বিক্রি বাড়াতে ‘প্রাইম লেবেল’-এর মতো নানা বাড়তি সুবিধা দিতো অ্যামাজন।
সংস্থাটি বলছে, “এফবিএ-র সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলে তৃতীয়-পক্ষীয় বিক্রেতাদের ‘প্রাইম’ লেবেলের সঙ্গে সংযুক্ত হতে দিত না অ্যামাজন।”
রয়টার্স বলছে, ‘প্রাইম’ লেবেল থাকলে অ্যামাজন আইটি-তে ৭০ লাখেরও বেশি ‘অ্যামাজন লয়্যালটি প্রোগ্রাম’ ক্রেতার কাছে পণ্য তুলে ধরা ও বিক্রি সহজ হয় বিক্রেতাদের জন্য। এই ক্রেতাদের সবাই তুলনামূলক বেশি অর্থ খরচ করেন সাইটটিতে।
ইতালির অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ বলছে, অ্যামাজনের উপর সংশোধনমূলক নির্দেশনা আরোপ করবে তারা। তবে অ্যামাজন বলছে, এফবিএ “সম্পূর্ণ ঐচ্ছিক একটি সেবা” এবং বেশিরভাগ তৃতীয়-পক্ষীয় বিক্রেতা এটি ব্যবহার করেন না।
“বিক্রেতারা যখন এফবিএ বেছে নেন, তারা এটা করেন কারণ সেবাটি কার্যকর, সুবিধাজনক এবং দামের হিসাবে প্রতিযোগিতামূলক। প্রস্তাবিত জরিমানা সংশোধনীগুলো অনৈতিক এবং অসম”-- এক বিবৃতিতে বলেছে মার্কিন প্রতিষ্ঠানটি।
অ্যামাজনের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ‘ইউরোপিয়ান কম্পিটিশন নেটওয়ার্ক’ অবকাঠামোর মধ্যে থেকেই ইতালির অ্যান্ট্রিটাস্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) কমিশন। অ্যামাজনের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে আলাদা দুটি তদন্ত চালাচ্ছে ইইউ কমিশন। রয়টার্স জানিয়েছে, নিজস্ব তদন্তের সঙ্গে ইতালিয়ান কর্তৃপক্ষের তদন্তের সামঞ্জস্য রাখতে কাজটি করেছে সংস্থাটি।
ইইউ কমিশনের প্রথম তদন্তটি শুরু হয়েছে ২০১৯ সালের জুলাই মাসে। ওই তদন্তের অধীনে অ্যামাজন স্বাধীন বিক্রেতাদের স্পর্শকাতর ডেটা সংগ্রহ করে যেভাবে ব্যবহার করে তা ইউরোপের বাজার প্রতিযোগিতা নীতিমালার পরিপন্থী কি না, সেটি তদন্ত করে দেখছে সংস্থাটি।
আর দ্বিতীয় তদন্তটি শুরু হয়েছে ২০২০ সালের শেষভাগে। অ্যামাজনের নিজস্ব বিক্রয় প্রস্তাব এবং যে বিক্রেতারা অ্যামাজনের নিজস্ব সরবরাহ সেবা ব্যবহার করে তাদের পক্ষপাতমূলক সুবিধা দেওয়া হচ্ছে কি না, সেটি যাচাই করে দেখা হচ্ছে ওই তদন্তের অধীনে।
