সিনেটরদের অগ্রাহ্য করে হোয়াটসঅ্যাপে ক্রিপ্টো লেনদেন
মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপে নিজস্ব ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট ‘নোভি’র মাধ্যমে আর্থিক লেনদেনের পাইলট প্রকল্প শুরু করেছে মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড। আপাতত, যুক্তরাষ্ট্রের সীমিত সংখ্যক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ওই প্রকল্পের অধীনে মেটা’র নিজস্ব ডিজিটাল ওয়ালেটের কার্যক্ষমতা যাচাই করে দেখার সুযোগ পাবেন।
অক্টোবর মাসেই প্রতিষ্ঠানটির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মেটা প্ল্যাঠফর্মসকে ক্রিপ্টোকারেন্সি প্রকল্প থেকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন মার্কিন আইনপ্রণেতাদের একটি দল। মেটা’র প্রধান মার্ক জাকারবার্গের কাছে চিঠি লিখে মার্কিন সিনেটররা আপত্তির ব্যাপারে জানান দিলেও, সেই আপত্তি যেন অগ্রাহ্য করেই নিজস্ব ডিজিটাল মুদ্রা প্রকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে এই সোশাল মিডিয়া জায়ান্ট।
বুধবার ‘নোভি’র নতুন পাইলট প্রকল্পের ঘোষণা দিয়েছেন বর্তমান প্রকল্প প্রধান স্টেফান কাসরিয়েল। মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট দিয়ে খবরটি জানিয়েছেন তিনি।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, নোভি ব্যবহার করলেও তার কোনো প্রভাব হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত মেসেজিং বা কল সেবার উপর পড়বে না বলে জানিয়েছেন কাসরিয়েল।
মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড (তৎকালীন ফেইসবুক) বেশ লম্বা সময় ধরেই নিজস্ব ডিজিটাল মুদ্রা সেবা তৈরির চেষ্টা করছে। তবে, সাম্প্রতিক বিতর্ক আর সমালোচনার মুখে বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের চাপে পড়েছে প্রতিষ্ঠানটি। চাপের মুখে আন্তর্জাতিক বাজারে ‘ডিয়েম’ নামের ডিজিটাল মুদ্রা প্রচলনের লক্ষ্য থেকেও সরে এসেছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, নভেম্বর মাসেই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মেটা’র ক্রিপ্টোকারেন্সি প্রকল্প প্রধান ডেভিড মার্কাস। মার্কাস নিজের “উদ্যোক্তা সত্ত্বা”র দোহাই দিয়ে মেটা’র ক্রিপ্টো প্রকল্প ছাড়ার কথা বললেও, প্রশ্ন উঠেছে, নীতিনির্ধারকদের সাম্প্রতিক কঠোর অবস্থান এবং ফেইসবুক তথা মেটা’কে ঘিরে সাম্প্রতিক সমালোচনা ও বিতর্ক মার্কাসের প্রস্থানের পেছনে কোনো ভূমিকা রেখেছে কি না।
