বিজ্ঞাপনের কৌশল পাল্টাচ্ছে ফেইসবুক ও ইনস্টাগ্রাম
বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে বিভিন্ন ‘স্পর্শকাতর’ বিষয়ের সঙ্গে সেবাগ্রাহকদের সংশ্লিষ্টতার ডেটা আর বিজ্ঞাপনদাতাদের হাতে তুলে দেবে না ফেইসবুক ও ইনস্টাগ্রাম। ওই ‘স্পর্শকাতর’ বিষয়গুলোর মধ্যে আছে জাতিগত পরিচয়, ধর্ম বিশ্বাস, রাজনৈতিক মতামত ও স্বাস্থ্যসহ অনেক কিছুই।
বিজ্ঞাপনী কৌশলে এই পরিবর্তন প্রসঙ্গে নিজস্ব ব্লগ ‘মেটা ফর বিজনেস’-এ পোস্ট করেছে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। তাতে মেটার বাজারজাতকরণ ও বিজ্ঞাপন বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্রাহাম মাড বলেছেন, “এরকম টার্গেটিং অপশন এমনভাবে ব্যবহৃত হতে পারে যা বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়া ও সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য নেতিবাচক অভিজ্ঞতা সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞদের কাছ থেকে শুনেছি আমরা।”
ব্লগ পোস্টে ‘ডিটেইলড টার্গেটিং অপশন’ বা ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ ও ব্যক্তিগত ডেটার ভিত্তিতে বিজ্ঞাপনের দর্শক নির্ধারণের বিষয়টি যে ব্যবহারকারীদের বাস্তব জীবনের শারীরিক গঠন বা সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তার উপর জোর দিয়েছে মেটা। বরং একজন ব্যবহারকারী অনলাইনে কোন বিষয়গুলোতে আগ্রহী হতে পারে বলে বিজ্ঞাপনদাতারা মনে করেন, ‘ডিটেইলড টার্গেটিং অপশন’ সেটির উপর নির্ভর করে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
তারপরও ‘ডিটেইলড অ্যাড টার্গেটিং’-এর নেতিবাচক প্রভাব “থেকেই যায়” বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। জাতিগত পরিচয়, ধর্ম বিশ্বাস, রাজনৈতিক মতামত ও স্বাস্থ্যসহ ‘স্পর্শকাতর’ বিষয়ে ব্যবহারকারীর সংশ্লিষ্টতা বিষয়ক ডেটার ‘ডিটেইলড টার্গেটিং অপশন’ মুছে দেওয়ার পরিকল্পনা করেছে মেটা। তবে, অতীতের বিভিন্ন সময়ে বিতর্কিত শ্রেণীগুলো মুছে দিতে ব্যর্থ হয়েছে ফেইসবুক। আগে ‘অ্যান্টি-সেমিটিক’ ও ‘সুডোসায়েন্স’ শ্রেণীর অধীনে থাকা ডেটা বিশ্লেষণ করে বিজ্ঞাপনের দর্শক নির্ধারণ করতে পারতেন বিজ্ঞাপণদাতারা। চাকরি, বাসস্থান ও ঋণ সংক্রান্ত বিজ্ঞাপনের ক্ষেত্রে জাতিগত পরিচয়ের ভিত্তিতে দর্শক নির্বাচনের সুযোগ পেতেন ফেইসবুকে বিজ্ঞাপনদাতারা। এই বিষয়গুলো নিয়ে একাধিকবার বিতর্কিত ও সমালোচিত হয়েছে ফেইসবুক।
ভার্জের প্রতিবেদন বলছে, মেটা সম্ভবত ইউরোপিয়ান ইউনিয়নে আসন্ন বিজ্ঞাপন নীতিমালা পরিবর্তন মোকাবেলার পূর্বপ্রস্তুতি হিসেবে সাম্প্রতিক পদক্ষেপটি নিয়েছে। নতুন নীতিমালা তৈরি করে ‘টার্গেটিং বেইজড’ বিজ্ঞাপনের উপর নিষিধাজ্ঞা আরোপের চেষ্টা করছেন ইউরোপের নীতিনির্ধারকরা। মেটা’র বিজ্ঞাপন ব্যবস্থা বৈশ্বিক হওয়ায় চাইলেই নির্দিষ্ট কিছু বিষয় এড়িয়ে চলা কার্যত সম্ভব নয়। তাই প্রতিষ্ঠানটি ‘ডিটেইলড টার্গেটিং গ্রুপ’ বন্ধ করে দিচ্ছে বলে মন্তব্য করেছে ভার্জ।
২০২১ সালের তৃতীয় প্রান্তিকে ফেইসবুকের মোট বিজ্ঞাপনী আয় ছিল দুই হাজার আটশ’ ২০ কোটি মার্কিন ডলার। ২০২২ সালের ১৯ জানুয়ারি থেকে ফেইসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জারে কার্যকর হবে বিজ্ঞাপন কৌশল নিয়ে মেটা’র নতুন সিদ্ধান্ত।
তবে, তার মানে এই নয় যে বিজ্ঞাপনের জন্য ব্যবহারকারীর বয়স, লিঙ্গ এবং লোকেশান ডেটা সংগ্রহ করা বন্ধ হচ্ছে প্ল্যাটফর্মগুলোতে। কেবল অনলাইনে বিশেষ কোনো দল বা মতবাদের সঙ্গে সখ্যতা থাকলে সেই তথ্যগুলো বিজ্ঞাপনদাতার হাতে তুলে দেওয়া বন্ধ করছে ফেইসবুক।
