২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল স্টোর থেকে সরছে মেটাল গিয়ার গেইম

ডিজিটাল স্টোর থেকে ‘মেটাল গিয়ার সলিড ২: সানস অফ লিবার্টি’ এবং ‘মেটাল গিয়ার সলিড ৩: স্নেক ইটার’ সরিয়ে নিচ্ছে জাপানের ভিডিও গেইম নির্মাতা কোনামি। তবে ডিজিটাল স্টোরগুলো থেকে গেইম দুটির প্রস্থান স্থায়ী নয়, অস্থায়ী।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2021, 05:58 PM

Updated : 07 Apr 2022, 11:51 PM

‘ঐতিহাসিক আর্কাইভ ফুটেজ’ লাইসেন্সের সময় সীমা পার হয়ে যাওয়া গেইম দুটি অস্থায়ীভাবে ডিজিটাল স্টোর থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে কোনামি। লাইসেন্স নবায়ন করে গেইম দুটি ডিজিটাল স্টোরে ফিরিয়ে আনার কথা বলেছে প্রতিষ্ঠানটি। তবে গেইম দুটি কবে নাগাদ ফিরতে পারে সে বিষয়ে কিছু বলেনি মেটাল গিয়ার গেইম দুটির প্রকাশক।

গেইমারদের উদ্দেশ্যে কোনামি বলেছে, “আমরা আন্তরিকতার সঙ্গে আপনাদের ধৈর্য ধরতে বলছি। এই পণ্যগুলো ক্রয়ের জন্য ফিরিয়ে আনতে কাজ করছি আমরা।”

মেটাল গিয়ার গেইম দুটির মূল সংস্করণ বাজারে এসেছিল যথাক্রমে ২০০১ ও ২০০৪ সালে। পর্রবতীতে বিভিন্ন ডিজিটাল স্টোরে গেইম দুটির ডিজিটাল সংস্করণ প্রকাশ করে কোনামি।

প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, লাইসেন্স জটিলতায় গেইম দুটির ‘রিমাস্টার্ড’ সংস্করণ সরিয়ে ফেলা হয়েছে পিএস৩, এক্সবক্স৩৬০, প্লেস্টেশন ভিটা এবং এনভিডিয়া শিল্ড টিভি’র ডিজিটাল স্টোর থেকে। সরিয়ে ফেলা হয়েছে মেটাল গিয়ার সলিড ৩-এর নিনটেনডো থ্রিডিএস সংস্করণ। বাদ যাচ্ছে না ‘প্লেস্টেশন নাও’ স্ট্রিমিং সেবায় থাকা এইচডি সংস্করণও। 

কোন ঐতিহাসিক ঘটনার ফুটেজ নিয়ে লাইসেন্স জটিলতার সূত্রপাত সে বিষয়ে বিস্তারিত জানায়নি কোনামি। তবে উভয় গেইমেই ব্যবহৃত হয়েছে বাস্তব পৃথিবীর ভিডিও ফুটেজ। বিংশ শতাব্দীর ঘটনা প্রবাহের সঙ্গে গেইমের গল্পের সামঞ্জস্য আনতে দীর্ঘ কাটসিন ব্যবহার করা হয়েছে উভয় গেইমে। কোনামি ভিডিও ফুটেজ বাদ না দিয়ে লাইসেন্স নবায়নের চেষ্টা করছে-- এটি গেইমারদের আশ্বস্ত করবে বলে মন্তব্য করেছে ভার্জ।

এর আগেও একই ধরনের লাইসেন্স জটিলতায় পড়েছে বিভিন্ন গেইম। ২০১২ সালে মিউজিক লাইসেন্সের জটিলতার কারণে ডিজিটাল স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছিল ‘গ্র্যান্ড থেফট অটো: ভাইস সিটি’। গেইমটি ডিজিটাল স্টোরে ফেলার পর এর প্লেলিস্টের অনুপস্থিত ছিল ১০টি গান। প্রায় একই রকমের ঘটনা প্রবাহের মধ্যে পড়েছিল পিএস৩ ও এক্সবক্স ৩৬০ কনসোলে মুক্তি পাওয়া ‘ক্রেজি ট্যাক্সি’।