২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের নীতিমালায় সামাজিক মাধ্যমের ক্ষতি হাজার কোটি ডলার

গ্রাহকের ডেটা সংগ্রহের প্রশ্নে অ্যাপল নতুন নীতিমালার প্রচলন করেছে চলতি বছর, যার ফলে ডেটা সংগ্রহ করার আগে ব্যবহারকারীর অনুমতি নিতে হচ্ছে অ্যাপগুলোকে। আর এতে শীর্ষ সামাজিক মাধ্যমগুলোর আয় কমেছে প্রায় হাজার কোটি ডলার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 01:17 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

অ্যাপল ‘অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি (এটিটি)’ নীতিমালা আনার ঘোষণা দিয়েছিল ২০২০ সালে, যা ২০২১’র এপ্রিলে এসে কার্যকর হয়েছে। ফাইন্যানশিয়াল টাইমসের সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, অ্যাপলের নতুন নীতিমালা কার্যকর হওয়ার পর স্ন্যাপচ্যাট, ফেইসবুক, টুইটার এবং ইউটিউবের মতো বহুল ব্যবহৃত সামাজিক মাধ্যমগুলোর আয় কমেছে নয়শ’ ৮৫ কোটি মার্কিন ডলার।

অ্যাপলের নতুন নীতিমালার জোর বিরোধিতা করেছিল ফেইসবুক, প্রতিবাদ জানাতে সংবাদপত্রের পুরো এক পাতা জুড়ে বিজ্ঞাপন দিয়েছিল প্রতিষ্ঠানটি। সে সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা কেন অ্যাপলের পদক্ষেপের বিরোধিতা করেছিলেন, ফাইন্যানশিয়াল টাইমসের প্রতিবেদন থেকে তার ব্যাখ্যা মিলেছে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। ফাইন্যানশিয়াল টাইমসের ওই প্রতিবেদন বলছে, সবচেয়ে বেশি আর্থিক ক্ষতি হয়েছে ফেইসবুকের।

তবে ব্যবসার আকার বিবেচনায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে স্ন্যাপ ইনকর্পোরেটেড। ফেইসবুকের মতো ব্যাপক ব্যবসায়িক বিস্তার নেই প্রতিষ্ঠানটির এবং এর বিজ্ঞাপন কেন্দ্রিক আয়ের প্রায় পুরোটাই স্মার্টফোন নির্ভর। 

“যে প্ল্যাটফর্মগুলোর উপর প্রভাব পড়েছে তার মধ্যে বিশেষ করে ফেইসবুককে এটিটি’র ফলশ্রুতিতে যন্ত্রপাতি একদম শুরু থেকে নতুন করে নির্মাণ করতে হচ্ছে”-- ফাইন্যানশিয়াল টাইমসের কাছে মন্তব্য করেছেন বিজ্ঞাপন প্রযুক্তি পরামর্শক এরিক সিউফার্ট।

“আমার বিশ্বাস নতুন অবকাঠামো নির্মাণে অন্তত এক বছর লাগে। নতুন টুল এবং ফ্রেমওয়ার্ক নির্মাণ করতে হয় এবং অনেক বেশি সংখ্যার ব্যবহারকারীদের জন্য চালু করার আগে বিস্তর পরীক্ষা চালাতে হয়।”-- যোগ করেন তিনি।

ভার্জ বলছে, অ্যাপলের নতুন নীতিমালার কারণে সামাজিক মাধ্যম ও অন্যান্য অ্যাপগুলোকে বিজ্ঞাপন নিয়ে আরও কৌশলী হতে হবে; সেটি অ্যান্ড্রয়েড ডিভাইসে আরও গুরুত্ব দেওয়ার মাধ্যমে হোক বা অ্যাপলের বিজ্ঞাপন ব্যবসায় বিনিয়োগ করার মাধ্যমে হোক, প্রতিষ্ঠানগুলোকে আয়ের এমন কৌশল খুঁজতে হবে যেখানে আইফোনের মাধ্যমে অনুসরণ করতে হয় না গ্রাহককে।