সিইএস ২০২২ আসরেই আসতে পারে গ্যালাক্সি এস২১ এফই
এরই মধ্যে কয়েকবার পিছিয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২১ এফই আসার দিনক্ষণ। এখন শোনা যাচ্ছে, জানুয়ারিতে অনুষ্ঠিতব্য কনজিউমার ইলেকট্রনিক্স শো’তে (সিইএস) নতুন ওই ফোনটি আনতে পারে দক্ষিণ কোরিয়ান এ প্রযুক্তি জায়ান্ট।
জানুয়ারির পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাসে বসবে সিইএস ২০২২-এর আসর। খবর সত্যি হলে, সিইএস-এর প্রথম ভাগেই গ্যালাক্সি এস২১ এফই আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে। এর আগের এক খবরে দাবি ছিল, জানুয়ারির ১১ তারিখে আসবে এস২১ এফই। গিজমো চায়নার প্রতিবেদন বলছে, নতুন গুজবে তা আর ধোপে টিকছে না।
স্যামসাং সাধারণত সিইএস আসরে স্মার্টফোনের ঘোষণা দেয় না বলে নিজ প্রতিবেদনে উল্লেখ করেছে গিজমো চায়না। গত বছর গ্যালাক্সি এস২১ লাইন আপের ঘোষণাও সিইএস-এর কয়েকদিন পর ‘গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টের’ মাধ্যমে দিয়েছিল প্রতিষ্ঠানটি।
তবে, প্রতিবারই সিইএস আসরে নিজেদের নতুন কিছু গ্যাজেট ও সামগ্রী দেখিয়ে থাকে দক্ষিণ কোরিয়ান এ জায়ান্ট।
ধারণা করা হচ্ছে, গ্যালাক্সি এস২১ এফই-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সক্ষমতার ৬.৪ ইঞ্চি আকারের এফইচডি+অ্যামোলেড পর্দা থাকবে। এ ছাড়াও এতে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার দেখা মিলবে, থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ-ও।
খবর রটেছে, ফোনটিতে চার হাজার পাঁচশ’ মিলিঅ্যাম্পিয়ার সক্ষমতার ব্যাটারি থাকবে যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।
