২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মাতাদের জন্য ক্রিপ্টো আনার কথা ‘ভাবছে’ পেট্রিয়ন

কন্টেন্ট নির্মাতাদের হাতে ক্রিপ্টো কারেন্সি তুলে দেওয়া যায় না পেট্রিয়নের মাধ্যমে। কিন্তু তা হয়তো বদলে যাবে আগামীতে। ক্রিপ্টো ব্যবহার ‘মূল্যায়ন’ করে দেখা হচ্ছে বলেই জানিয়েছেন প্ল্যাটফর্মটির দুই নির্বাহী জ্যাক কন্টে ও জুলিয়ান গাটম্যান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2021, 04:24 PM

Updated : 07 Apr 2022, 11:49 PM

মার্কিন এই সেবাদাতা প্ল্যাটফর্মটি কন্টেন্ট নির্মাতাদেরকে ‘সাবস্ক্রিপশন সেবা’ শুরু করার জন্য ব্যবসায়িক টুল দিয়ে সহযোগিতা করে, এবং এভাবে নির্মাতা ও শিল্পীদের মাসিক আয়ের ব্যবস্থা করে দেয়। ওই টুলের মাধ্যমে চাইলে নির্মাতারা ভক্তদেরকে সদস্য হিসেবে সাবস্ক্রিপশনের ব্যবস্থা করে দিতে পারেন এবং ভক্তরা নিজ পছন্দের নির্মাতাকে অর্থ পাঠাতে পারেন।

এর আগে সেপ্টেম্বরে এক অনলাইন আলোচনায় ‘ক্রিয়েটর কয়েন’ নামের এক ধরনের কারেন্সি আনার আভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি। সে সময় তারা বলেছিল, কয়েন কিনে নিয়ে হয়তো সেটির মাধ্যমে নির্মাতাদের প্রতি সমর্থন দেখাতে পারবেন ভক্তরা। পরে নির্মাতারা সফল হয়ে গেলে সে কয়েন থেকে লাভবান হওয়ারও সুযোগ থাকবে। এ ছাড়াও কয়েনের মাধ্যমে সংরক্ষিত বিশেষ কন্টেন্টে প্রবেশাধিকার পাবেন ক্রেতারা।

কিন্ত পরে মাস্টারকার্ডের ‘প্রাপ্তবয়স্ক কন্টেন্টের মানদণ্ড প্রশ্নে’ কঠোর অবস্থান নেওয়ার ডামাডোলে অনেকটা আড়ালই হয়ে যায় বিষয়টি।      

এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, হতে পারে ‘ক্রিয়েটর কয়েন’-ই বাস্তবে রূপ নিচ্ছে। তবে, পেট্রিয়ন সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কন্টে এখনও এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য জানাননি। ক্রিপ্টো প্রকল্পে নিবেদিত কর্মী কাজ করছে কি না, তা-ও বলেননি। শুধু উল্লেখ করেছেন, এ ব্যাপারে “ভাবছে” তাদের প্রতিষ্ঠান।

গাটম্যান জানিয়েছেন, এনএফটি’র সম্ভাব্য সুবিধাগুলো খতিয়ে দেখা নিয়েও “আগ্রহী” পেট্রিয়ন। পাশাপাশি ব্যবসাকে টেকসই করতে আগ্রহী নির্মাতাদের জন্য এ সংশ্লিষ্ট প্রযুক্তি ভালোভাবে বিচার করবে তারা।

এনএফটি ডিজিটাল শিল্পের মূল্য বাড়িয়ে দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। অনেক সময় লাখো ডলারে বিক্রি হচ্ছে ডিজিটাল শিল্প। তবে, বাজারের ‘অত্যন্ত অনুমানমূলক প্রকৃতি’ ও ব্লকচেইন নির্ভর প্রযুক্তির পরিবেশগত প্রভাব প্রশ্নে অনেকেই এ খাত নিয়ে ভরসা পাচ্ছেন না।

পেট্রিয়ন যদি এনএফটি বা কয়েনের একটিতে অথবা দুটিতেই বিনিয়োগ করে, তাহলে অবাক হওয়ার কিছু নেই বলেই উল্লেখ করেছে এনগ্যাজেট। মহামারীর প্রকোপ ভালোভাবেই সামলেছে প্রতিষ্ঠানটি এবং বছর খানেক আগেও নয় কোটি বিনিয়োগ ডলার সংগ্রহ করেছে তারা।