২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাসাসিনস ক্রিড ইনফিনিটিতে থাকবে একাধিক ‘ন্যারেটিভ’

‘ফ্রি-টু-প্লে অনলাইন গেইম’ হচ্ছে না ‘অ্যাসাসিনস ক্রিড ইনফিনিটি’। এতে দেখা মিলবে অনেক বর্ণামূলক উপাদানের। সম্প্রতি এ বিষয়ে নিশ্চিত করেছেন ইউবিসফট প্রধান ইভস গিলমো।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2021, 06:35 PM

Updated : 07 Apr 2022, 11:48 PM

জুলাইয়ে প্রথম জানা যায় গেইমটির অস্তিত্ব সম্পর্কে। সে সময় প্রথমে খবরটি জানিয়েছিল মার্কিন বাণিজ্যবিষয়ক সাময়িকী ব্লুমবার্গ। এরপর ধীরে ধীরে কিছু বিস্তারিত এসেছে আগ্রহীদের সামনে।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রকল্পের ‘এসি ইনফিনিটি’ নামটি বদলে যেতে পারে এবং এতে গ্র্যান্ড থেফট অটো অনলাইনের মতো লাইভ অনলাইন সেবা থাকবে। এটিতে প্রবেশাধিকার পেতে গেইমারকে শুধু মূল গেইমটি কিনলেই হবে।

গিলমো বলেছেন, “এই গেইমটির মধ্যে অনেক বর্ণনামূলক উপাদান রয়েছে। এটি বেশ অভিনব একটি গেইম হবে, কিন্তু এতেও সেগুলোই থাকবে যা অন্য অ্যাসাসিন’স ক্রিড গেইমে পেয়েছেন গেইমাররা, ওই সব উপাদান যা তারা ভালোবাসেন….একদম শুরু থেকে। ফলে এটি ব্যাপক একটি গেইম হবে।”

অন্যান্য অ্যাসাসিনস ক্রিড গেইম থেকে আলাদা হবে নতুনটি। একটি বর্ণামূলক কাহিনীর বদলে গেইমে থাকবে মাল্টিপল সেটিংস। ওই সেটিংসের বদৌলতে ভিন্ন ভিন্ন গল্প পাবেন গেইমাররা। তবে প্রত্যেকটি গল্পই সংযুক্ত থাকবে। এক হিসেবে বলা যায়, এক মোড়কে একাধিক গেইম পাবেন গেইমাররা।

ব্লুমবার্গের মূল প্রতিবেদনে একে অনেক বড় অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ ছিল। ওই প্রতিবেদন অনুসারে, এতে হয়তো মাসের পর মাস জুড়ে বা বছর জুড়ে নতুন রুমের দেখা মিলবে। এনগ্যাজেটস মন্তব্য করেছে, হয়তো ‘সিজন’ বা ‘ক্যাম্পেইন’ হিসেবে দেখা মিলবে নতুন গেইমের।

গেইমটি এখনও একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে গিলমো। আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০২৪ –এর আগে হয়তো দেখা মিলবে না গেইমটির।