২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেটা’র নতুন ভিআর হেডসেট ‘ক্যামব্রিয়া’ আসছে ২০২২ সালে

নতুন ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট নির্মাণ প্রকল্প ‘ক্যামব্রিয়া’ নিয়ে কাজ করছে ‘মেটা’। সদ্য নাম পাল্টে ‘মেটা’ হয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সামাজিক মাধ্যম ফেইসবুকের মূল প্রতিষ্ঠান। আর মেটা’র অধীনে ‘হাই-এন্ড হার্ডওয়্যার’ হিসেবে ২০২২ সালে বাজারে অভিষেক হবে নতুন ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটটির।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2021, 05:42 PM

Updated : 07 Apr 2022, 11:48 PM

প্রযক্তিবিষয়ক সাইট সিনেট বলছে, অকুলাস ‘কোয়েস্ট টু’ ভিআর হেডসেটের বিকল্প হিসেবে আসছে না ‘প্রজেক্ট ক্যামব্রিয়া’। বরং আরও বিলাসবহুল ও ভবিষ্যতমুখী ‘প্রো মডেল’ হিসেবে বিবেচনা করা যেতে পারে একে।

ডেভেলপারদের জন্য আয়োজিত ২৮ অক্টোবরের বার্ষিক ‘কানেক্ট’ সম্মেলনে ‘প্রজেক্ট ক্যামব্রিয়া’র ঘোষণা দিয়েছেন ফেইসবুক কাণ্ডারী মার্ক জাকারবার্গ। সিনেট জানিয়েছে, আরও উন্নত ‘মিক্সড রিয়ালিটি’, ফেইস ট্র্যাকিং এবং কমপ্যাক্ট লেন্স থাকবে নতুন ভিআর হেডসেটে।

চলতি বছরেই জাকারবার্গ সিনেটের সঙ্গে আলাপাচারিতায় বাজারে ‘কোয়েস্ট প্রো’ হেডসেটের উপস্থিতি স্বীকার করে ভবিষ্যতে আরও বেশি সেন্সরযুক্ত হেডসেট নির্মাণ চিন্তা নিয়ে বলেছিলেন, “আপনি যদি ব্যয়বহুল ডিভাইস নির্মাণে মনোযোগ দেন, যেটি গেইমিং ছাড়াও অন্যান্য কাজে সর্বোচ্চ ব্যবহারের সুযোগ আছে, তাহলে নকশা করার ক্ষেত্রে কৌতুহল জাগানো কিছু বিষয় আছে সেখানে।”  

সিনেট জানিয়েছে, প্রজেক্ট ক্যামব্রিয়া ভিআর এবং মিক্সড রিয়ালিটি প্রযুক্তিতে নতুন সেন্সরের ব্যবহারের ব্যয়বহুল পরীক্ষা হিসেবে বিবেচনা করা যেতে পারে একে।

‘কানেক্ট’ সম্মেলনে শুধু নতুন ভিআর প্রকল্প নয়, নিজের প্রতিষ্ঠানের নাম বদলের ঘোষণাও দিয়েছেন জাকারবার্গ। মুনাফার লোভে সেবাগ্রাহকদের নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য, এবং রাজনৈতিক ও সামাজিক সহিংসতার ঝুঁকি অগ্রাহ্য করার অভিযোগ উঠেছে ফেইসবুকের বিরুদ্ধে। অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে প্রযুক্তি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে এবং আইনপ্রণেতাদের ব্যাপক সমালোচনা ও চাপের মুখে পড়েছে ফেইসবুক।

বলা হচ্ছে, নাম পাল্টে নতুন হার্ডওয়্যার ও অন্যান্য সেবায় ব্যবসা প্রসারণের ভবিষ্যত পরিকল্পানার কথা বলে চলতি সমালোচনা ও বিতর্ক থেকে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে সাবেক ফেইসবুক।