২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা চালু করছে ‍গুগল ফাই

‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সেবা চালু করছে সার্চ জায়ান্ট গুগলের মোবাইল সেবা ‘গুগল ফাই (fi)’। প্রথমে অ্যান্ড্রয়েড ফোনগুলোয় যোগ হবে ‘গুগল ফাই’-এর এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2021, 04:05 PM

Updated : 07 Apr 2022, 11:48 PM

এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবার সবচেয়ে বড় বৈশিষ্ট হচ্ছে, যে দুই পক্ষের আলাপ চলছে, তারা বাদে তৃতীয় কোনো পক্ষকে ব্লক করে দেয় এই প্রযুক্তি, মেলে না আড়িপাতার কোনো সুযোগ। এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবার জন্য সুপরিচিত ফেইসবুকের মালিকানাধীন মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ।  

এক ব্লগ পোস্টে গুগল বলেছে “এন্ড-টু-এন্ড এনক্রিপশন মেসেজিং-এর মতো রিয়াল টাইম যোগাযোগের জন্য শিল্প মানে পরিণত হয়েছে-- আমরা এই সেবা ফোন অ্যাপে নিয়ে আসছি।”

“ফাইয়ের মাধ্যমে দুটি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে ফোন কল ডিফল্ট ফিচার হিসেবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা পাবে। আপনি এটা জেনে নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার কলগুলো আপনি ও যার সঙ্গে কথা বলছেন সেই দু’জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে”-- বলেছে গুগল।   

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, এনক্রিপ্টেড ফোন কলের জানান দেবে একটি ‘বিশেষ রিংটোন’, সংযোগ স্থাপন করার আগে স্ক্রিনে দেখা যাবে ‘লক সিম্বল’। ফোন কল চলাকালীনও স্ক্রিনে ওই ‘লক সিম্বল’ থাকবে।

অ্যান্ড্রয়েড ফোনে দ্বিপাক্ষিক ফোন কলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা “আগামী কয়েক সপ্তাহের মধ্যে” চালু হবে বলে জানিয়েছে সাইটটি। চ্যাটিং ফিচার ‘এনাবল’ করা আছে গুগলের এমন সেবাগুলোতে মেসেজিং-এর ক্ষেত্রে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবা চালু আছে আগে থেকেই।