২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভোক্তারা বোকা নয়’: ইউরোপের আদালতে গুগল আইনজীবী

বাজারে দখলদারিত্ব ধরে রাখার লক্ষ্যে করা বিভিন্ন চুক্তির বদৌলতে নয়, বরং সেরা বলেই কয়েকশ’ কোটি মানুষ গুগল ব্যবহার করে-- ইউরোপের আদালতে অ্যান্টিট্রাস্ট মামলায় পাঁচশ’ কোটি ডলার জরিমানার আপিল শুনানিতে এই বক্তব্য দিয়েছেন গুগলের আইনজীবী।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2021, 05:45 PM

Updated : 07 Apr 2022, 11:42 PM

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট সার্চের বাজারে আধিপত্য বিস্তারের অভিযোগে ২০১৮ সালে গুগলকে পাঁচশ’ কোটি ডলার জরিমানা করে ইউরোপিয়ান কমিশন। জরিমানার পরিমাণকে অন্যায্য বলে আদালতে তার বিরুদ্ধে আপিল করেছে গুগল।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপের আদালতে গুগলের বিরুদ্ধে অভিযোগের রসদ জুগিয়েছে ডিভাইস নির্মাতাদের সঙ্গে প্রতিষ্ঠানটির নিজস্ব সার্চ অ্যাপ, ক্রোম ব্রাউজার এবং গুগল প্লে প্রি-ইনস্টল করানোর চুক্তি। অ্যান্ড্রয়েডের বিকল্প কোনো অপারেটিং সিস্টেমের ব্যবহার ঠেকাতেও কয়েকটি নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে একচেটিয়া চুক্তি ছিলো গুগলের।

“যে কারণে শতকোটি মানুষ প্রতিদিন গুগলকে তাদের সার্চ টুল হিসেবে ব্যবহার করে, সেটি একাধিপত্যের অপব্যবহার নয়; কারণ এটিই সেরা”-- ইউরোপিয়ান ইউনিয়নের সাধারণ আদালতের এই বক্তব্য দিয়েছেন গুগলের আইনজীবী মেরেডিথ পিকফোর্ড।

নির্মাতাদের সঙ্গে গুগলের চুক্তিগুলো অপ্রতিযোগিতাসুলভ নয়, বরং গুগল যেন প্রতিযোগিতায় থাকে সেটা নিশ্চিত করার জন্য করা বলে দাবি করেন তিনি।

“আপনি এখনও আপনার যোগ্যতার ভিত্তিতে কড়া প্রতিযোগিতায় নামতে পারেন। ভোক্তারা বোকা নয়, বিং বা অন্য কোনো সার্চ ইঞ্জিন যদি গুগলের চেয়ে ভালো সেবা দিতো, তাহলে মানুষ সেদিকেই ঝুঁকতো”।

“সফল প্রতিষ্ঠানগুলো তাদের খ্যাতির উপর বসে আর প্রতিযোগিতা বিমুখ হয়ে তাদের সাফল্য ধরে রাখে না”, যোগ করেন পিকফোর্ড।

পিকফোর্ডের বিপরীতে ইউরোপিয়ান কমিশনের আইনজীবী নিকোলাস খানের দাবি, ওই চুক্তিগুলো দিয়ে বাজারে নিজেদের যতোসম্ভব সুবিধাজনক অবস্থানে বসিয়েছিলো গুগল। বিচারকদের জরিমানার পরিমাণ অপরিবর্তিত রাখার আহ্বান জানান তিনি।  

“প্রতিযোগিতা শুরুর আগেই নিজের গলায় জয়মালা পড়িয়ে রেখেছিলো গুগল। যে ব্যাপক পরিধিতে এই বিষয়টি চলেছে, তার হিসাবে আরোপিত জরিমানা ঠিকই আছে”, বলেন খান। 

জরিমানার পরিমাণ নিয়ে আপিলের শেষ ফলাফল কী হতে পারে-- সেই বিষয়টি এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে রয়টার্স।