টিকা বিরোধী সকল কন্টেন্ট ব্লক করে দেবে ইউটিউব
টিকা বিরোধী সকল কন্টেন্ট নিজস্ব প্ল্যাটফর্মে ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। এক ব্লগ পোস্টে এই ঘোষণা দিয়েছে ভিডিও প্ল্যাটফর্মটি। করোনা ভাইরাসের অনুমোদিত টিকা নিয়ে ভুয়া তথ্যের প্রচার ও মিথ্যাচার আগে থেকেই নিষিদ্ধ ছিলো প্ল্যাটফর্মটিতে।
ইউটিউব সকল টিকা বিরোধী কন্টেন্ট ব্লক করার সিদ্ধান্ত জানিয়েছে বুধবার। ইউটিউবের নীতিমালা অনুযায়ী, ফ্লু ভ্যাকসিন নিলে বন্ধ্যাত্ব হয়; হাম, মামপ্স, রুবেলা প্রতিরোধে বহুল ব্যবহৃত এমএমআর টিকার কারণে অটিজম হয়-- এসব ভূয়া গুজব ও তথ্য ছড়ায়, এমন কোনো কন্টেন্ট ইউটিউব আর তার নিজস্ব প্ল্যাটফর্মে রাখবে না।
ভ্যাকসিন বিরোধী হিসেবে সুপরিচিত বেশ কয়েকটি চ্যানেল তাদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ হচ্ছে বলে নিশ্চিত করেছেন ইউটিউবের এক মুখপাত্র। এমন কন্টেন্ট নির্মাতাদের মধ্যে আছেন ভ্যাকসিন বিরোধী প্রচারণায় রবার্ট এফ. কেনেডি জুনিয়র এবং জোসেফ মেরকোলার মতো পরিচিত মুখ।
রয়টার্স জানিয়েছে, ইউটিউব থেকে নিষিদ্ধ হওয়ার ঘোষণা এলেও হাল ছাড়তে নারাজ মেরকোলা। নিজের ওয়েবসাইট থেকে সংবাদকর্মীদের পাঠানো এক ইমেইলে তিনি বলেছেন, “পৃথিবীর সব প্রান্তে আমরা ঐক্যবদ্ধ, আমরা ভয়ে বাঁচবো না, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের স্বাধীনতা ফিরিয়ে আনবো।”
তবে সংবাদকর্মীদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি রবার্ট এফ. কেনেডি জুনিয়র।
বিভিন্ন সময়ে নিজস্ব প্ল্যাটফর্মে টিকা বিরোধী প্রচারণা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে সমালোচিত হয়েছে ইউটিউব, ফেইসবুক এবং টুইটারের মতো টেক জায়ান্ট হিসেবে পরিচিতি প্রতিষ্ঠানগুলো।
তবে, এখন টিকা বিরোধী ভুয়া তথ্যের প্রচারণা বন্ধে শক্ত অবস্থান নিলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে এই পদক্ষেপ নিয়েও ইউটিউব বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়ছে বলে জানিয়েছে রয়টার্স।
মঙ্গলবার রাশিয়ার সরকার সমর্থিত টেলিভিশন নেটওয়ার্ক আরটি’র জার্মান ভাষার চ্যানেল মুছে দিয়েছে ইউটিউব। প্রতিষ্ঠানটি বলছে, তাদের কোভিড ১৯ নীতিমালা লঙ্ঘন করেছে ওই চ্যানেলগুলো।
বুধবার ইউটিউবের সিদ্ধান্তকে “অভূতপূর্ব তথ্য আগ্রাসন” বলে আখ্যা দিয়েছে রাশিয়া। রয়টার্স বলছে, উল্টো ইউটিউবকে ব্লক করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে দেশটির পক্ষ থেকে।
