২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এআই-এর কণ্ঠে অ্যান্থনি বোর্ডেইন, খেপেছেন সমালোচকরা

নতুন বিতর্কের জন্ম দিয়েছে প্রয়াত সেলিব্রেটি শেফ অ্যান্থনি বোর্ডেইনকে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘রোডরানার: এ ফিল্ম অ্যাবাউট অ্যান্থনি বোর্ডেইন’। তথ্যচিত্রের কিছু অংশে ওই সেলিব্রেটি শেফের কণ্ঠ নতুন করে তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে। আর এতেই খেপেছেন সমালোচকরা। কেউ একে বলছেন ‘ডিপফেইক’, কেউ কেউ প্রশ্ন তুলছেন নৈতিকতা নিয়ে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2021, 07:50 PM

Updated : 02 Aug 2022, 06:06 PM

তথ্যচিত্রের পরিচালক মর্গান নেভিলের দাবি, গল্প বলার আধুনিক কৌশল এটা। তবে বিবিসি বলছে, তথ্যচিত্র মুক্তি দেওয়ার আগে এআই প্রযুক্তি ব্যবহারের বিষয়টি প্রকাশ না করাতেই খেপেছেন প্রযুক্তি সমালোচক ও সেলিব্রেটি শেফের ভক্তরা। 

ভ্যারাইটি ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভিল জানিয়েছিলেন, অ্যান্থনি বোর্ডেইনের কণ্ঠে রেকর্ড করা ১০ ঘন্টার অডিও ফাইল বিশ্লেষণ করে তার কণ্ঠ হুবুহু নকল করা শেখে একটি মেশিন-লার্নিং সিস্টেম। আর এই ‘সিনথেটিক ভয়েস’ এতোটাই নিখুঁত যে, বোর্ডেইনের আসল কণ্ঠ আর নকল কণ্ঠের পার্থক্য ধরতে না পেরে দ্য নিউ ইয়র্কারের হেলেন রসনার তথ্যচিত্রটি নিয়ে নিজের অভিজ্ঞতা ব্যাখ্যা করেছেন ‘অদ্ভুতুড়ে’ বলে।

নিজ হাতে লেখা কয়েকটি লাইন কখনোই রেকর্ড করেননি অ্যান্থনি বোর্ডেইন। আর সেই লাইনগুলো তথ্যচিত্রে ব্যবহার করতেই এআই প্রযুক্তির দ্বারস্থ হতে হয়েছে বলে জানিয়েছেন মর্গান। এই কাজে সেলিব্রেটি শেফের পরিবার আর এজেন্টের অনুমতি ছিলো বলেও জানান তিনি।

বোর্ডেইনের আসল কণ্ঠের বদলে এইআই প্রযুক্তির ব্যবহারকে ‘ডিপফেইক’ বলে আখ্যা দিয়েছেন পর্যালোচক শন বার্নস। অন্যদিকে অ্যালান টিউরিং ইনস্টিটিউটের নৈতিকতা বিষয়ক প্রধান ডেভিড লেসলি’র মতে, এআই প্রযুক্তির ব্যবহার আগেভাগে না জানানোর কারণে প্রতারিত হয়েছেন বলে মনে করছেন দর্শকদের একটা অংশ।

নিউ ইয়র্কের বিখ্যাত ফরাসী রেস্তোরাঁ 'লে অ্যাল'-এর শেফ থেকে খাদ্য পরিব্রাজক বা অনেকের দৃষ্টিতে খাদ্য নৃতাত্ত্বিক হয়ে ওঠা বোর্ডেইনের নিজস্ব বর্ণনাভঙ্গী তাকে একাধিক টিভি চ্যানেলে জনপ্রিয় উপস্থাপক করে তোলে। সাতটি এমি অ্যাওয়ার্ড তাকে স্বীকৃতি এনে দিলেও খাবার বিষয়ক একাধিক বই তাকে সমগোত্রীয় অন্য শেফদের সঙ্গে দূরত্বও তৈরি করে দেয়। প্রথম বই 'কিচেন কনফিডেনশিয়াল'- শুরুতেই উঠে যায় নিউ ইয়র্ক টাইমস-এর বেস্ট সেলার তালিকায়। ওই বইতে নিজের শেফ হয়ে ওঠার গল্পের পাশাপাশি তিনি তুলে ধরেন বিখ্যাত রোস্তারাঁগুলোর শেফরা সাধারণত কোন কোন বিষয়ে অসসতার আশ্রয় নেন।

 

২০১৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ভিয়েতনাম সফরে যখন যান সে সময় অনুষ্ঠানের কাজে বোর্ডেইনও ভিয়েতনামে অবস্থান করছিলেন। বোর্ডেইনের জীবনাবসানের পর শোকবার্তায় ভিয়েতনামের স্থানীয় এক রেস্তোরাঁয় প্লাস্টিক টুলে বসে বোর্ডেইনের সঙ্গে বিয়ার এবং স্ট্রিট ফুড খাওয়ার অভিজ্ঞতা স্মরণ করেছিলেন ওবামা।