গোড্যাডি পুনর্বিন্যাসে প্রভাব পড়বে ৮১৪ কর্মীর উপর
করোনাভাইরাস মহামারীর কারণে ব্যবসা পুনর্বিন্যাসের পরিকল্পনা জানিয়েছে ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান গোড্যাডি। এতে প্রতিষ্ঠানটির মোট জনশক্তির ১২ শতাংশ বা ৮১৪ জন কর্মীর উপর প্রভাব পড়বে।
বুধবার গোড্যাডি জানিয়েছে, হয় ওই ৮১৪ জন কর্মীকে ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি, আর নয়তো নতুন কোনো স্থানে বা নতুন কোনো দায়িত্ব দেবে। -- খবর রয়টার্সের।
এতে করে প্রতিষ্ঠানটির ট্যাক্স পূর্ব চার্জে যোগ হবে এক কোটি ৫০ লাখ ডলার।
বিশ্বের সবচেয়ে বড় ডোমেইন নিবন্ধক এ প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘গোড্যাডি সোশাল’-এর মতো উচ্চ-মূল্যের ‘ডু-ইট-ফর-ইউ’ সেবার চাহিদা সাম্প্রতিক সময়ে কমেছে।
তবে, সাম্প্রতিক সময়ে ডোমেইন ও ওয়েবসাইটের চাহিদা বেড়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। গোড্যাডি আশা করছে, দ্বিতীয় প্রান্তিকের মুনাফা, প্রত্যাশিত ৭৯ কোটি ডলারের চেয়ে এক শতাংশ বেশি হবে।
ডিসেম্বর ২০১৯-এর হিসেব অনুসারে, বিশ্বব্যাপী গোড্যাডির সাত হাজার ২৪ জন কর্মী রয়েছে।
