ট্রাম্প সমাবেশ পণ্ডের ‘নীলনকশা’ হয়েছিল টিকটকে!
শনিবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচনী ক্যাম্পেইনের র্যালিতে জনসমাগম আশানুরুপ হয়নি। টিকটক ব্যবহারকারী ও কে-পপ (কোরিয়ান পপ) ভক্তরা জানিয়েছেন, ইচ্ছা করেই জনসমাগম হতে দেননি তারা।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, কাজটি করতে অনলাইনে হাজার হাজার টিকেট ‘রিজার্ভ’ করে রেখেছিলেন টিকটক ব্যবহারকারী ও কে-পপ ভক্তরা।
ট্রাম্পের পুনঃনির্বাচনী ক্যাম্পেইনের ওই র্যালিতে যোগ দিতে টিকেট সংগ্রহের অনুরোধ এসেছিল দশ লাখেরও বেশি। কিন্তু র্যালির দিন দেখা যায় ব্যাংক অফ ওকলাহোমা কেন্দ্রের ভেতরের ১৯ হাজার আসনের পুরোটাও পূর্ণ হয়নি।
জুনের ১১ তারিখ ওই অনুষ্ঠানে যোগ দিতে টিকেট সংগ্রহের আহবান জানায় ট্রাম্পের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট। সুযোগটি কাজে লাগান টিকটক ব্যবহারকারী ও কে-পপ ভক্তরা।
আয়োজনের জন্য নিবন্ধন করে তা-তে না যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয় কে-পপ ভক্তদের অ্যাকাউন্ট থেকে। লাখো ভিউ পাওয়া টিকটক ভিডিওতে-ও একই কাজ করা হয়েছিল।
ট্রাম্পের ক্যাম্পেইন চেয়ারম্যান ব্র্যাড পারস্কেল অবশ্য দোষ চাপিয়েছেন “উগ্র প্রতিবাদকারীদের” উপর। তবে, টুইটার ব্যবহারকারীরা সাফ জানিয়ে দিয়েছেন কাজটি কারা করেছেন।
পারস্কেলের টুইটের উত্তরে নিউ ইয়র্কের ডেমোক্রেট কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাজিও কোর্টেজ লিখেছেন, “আসলে টিকটকের কিশোর বয়সীরা কাঁপিয়ে দিয়ে গেছে আপনাদের”। কোর্টেজ নিজেও মার্কিন কেন্দ্রীয় রাজনীতিতে তারুণ্যের প্রতিনিধিত্ব করেন। মাত্র ২৯ বছর বয়সে ১০ মেয়াদের অভিজ্ঞ কংগ্রেসম্যান জো ক্রাউলিকে হটিয়ে কংগ্রেসে এসেছেন তিনি।
রিপাবলিকান রাজনৈতিক কুশলী স্টিভ স্মিড লিখেছেন, “পার্ক ইউটাহতে থাকা আমার ১৬ বছর বয়সী মেয়ে ও তার বন্ধুদের কাছে শত শত টিকেট রয়েছে। আপনাদের আমেরিকান কিশোররা বোকা বানিয়েছে”।
পারস্কেল এক বিবৃতিতে বলেছেন, “র্যালির জন্য নিবন্ধন করা মানে ফোন নম্বর দিয়ে আসার ব্যাপারে নিশ্চিত করা এবং আমরা ক্রমাগত এ ধরনের ভুয়া ফোন নম্বর বাদ দেওয়ার চেষ্টা করেছি। এ ধরনের জাল টিকেটের ব্যাপারটি আমরা মাথাতেই নেইনি”।
তিনি আরও বলেন, “আমাদের আয়োজন এভাবে পণ্ড করার চেষ্টা করে বোকামো করা হয়েছে, কারণ প্রতিটি র্যালি সাধারণ অংশগ্রহণমূলক – আগে-আসলে-আগে প্রবেশ করতে দেওয়া হবে ভিত্তিতে এবং এর জন্য কোনো নিবন্ধনের প্রয়োজন ছিল না”।
বিস্তৃত অনলাইন নেটওয়ার্কের জন্য কে-পপ ভক্তরা বেশ সুপরিচিত। কিছু দিন আগেই চলমান ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সক্রিয়ভাবে বর্ণবাদী হ্যাশট্যাগের বিরুদ্ধে লড়তে দেখা গিয়েছিল অনলাইন এ কমিউনিটিকে।
পুরো বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি টিকটক।
