গাড়িকে প্রাণীবান্ধব করতে শীর্ষে মার্কিনীরা
গাড়িতে কুকুরের বসার আসনের মতো আনুষঙ্গিক জিনিস সবচেয়ে বেশি সার্চ করেন মার্কিন ভোক্তারা।
শুক্রবার সার্চ জায়ান্ট গুগল প্রকাশিত ‘অটো ট্রেন্ডস ২০১৮’ নামের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।
জার্মানির তুলনায় যুক্তরাষ্ট্রে গড়ে একজন ব্যবহারকারী ৩৬গুণ বার পোষাপ্রাণী সম্পর্কিত পণ্যের জন্য খোঁজ করেন। জাপানের তুলনায় হারটা ১০ গুণ বলে উল্লেখ করা হয় আইএএনএস-এর প্রতিবেদনে।
গুগল-এর ট্রেন্ডশনাক্তকারী দলের প্রধান ইয়ারডেন হরউইটজ বলেন, “যুক্তরাষ্ট্রে পোষাপ্রাণীর খাত একটি বিশাল বাজার। স্টারবাকস ‘পাপুচিনো’ দিচ্ছে। এটি হচ্ছে পোষাপ্রাণীর জন্য খামারে ফলানো খাবার।”
“পরিবারের সবচেয়ে নতুন সদস্য হওয়া পোষাপ্রাণীটির গাড়ি চড়ার অভিজ্ঞতা কীভাবে উন্নত করা যায় তা বের করার চেষ্টা করেন ভোক্তারা। তারা প্রাণীগুলোকে পরিবারের সদস্য হিসেবে ভাবা শুরু করেছেন। তাই পোষাপ্রাণী কীভাবে গাড়ি ব্যবহার করবে তা নিয়েও ভাবছেন তারা।”
“পুরো বাজারেই গাড়ির অন-বোর্ড ক্যামেরাগুলো সার্চে ভোক্তাদের একটি প্রবণতা দেখা যায়। অনেকেই ইতোমধ্যে গাড়িতে বাড়তি ক্যামেরা রাখা শুরু করেছেন, কিন্তু গাড়ি ক্রেতারা ভিন্ন ধরনের ক্যামেরা খুজছেন”- বলা হয় গুগলের প্রতিবেদনে।
এই প্রতিবেদন তৈরির জন্য সার্চ জায়ান্টটি ইউটিউব ও সার্চ পেইজে অটোমোবাইল খাত সম্পর্কিত সার্চগুলো একত্র করেছে। সেই সঙ্গে এক হাজার ভোক্তাকে নিয়ে জরিপও চালিয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্র, জার্মানি আর জাপানের উপর এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
