২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোমপড সারানোর খরচ নতুনের কাছাকাছি

সম্প্রতি বাজারে এসেছে অ্যাপলের এআই স্পিকার হোমপড। দেখা গেছে  ডিভাইসটি কেনার চেয়ে সারানোর খরচ বেশি ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2018, 08:51 PM

Updated : 25 Jul 2022, 08:29 PM

মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে হোমপড সারানোর খরচ জানানো হয়েছে। ওয়ারেন্টি ছাড়া একটি হোমপড ভাঙ্গলে তা সারাতে খরচ হবে ২৭৯ মার্কিন ডলার, যা নতুন একটি হোমপড-এর মূল্যের ৮০ শতাংশ, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

অন্যদিকে ডিভাইসটির সঙ্গে ওয়ারেন্টি কিনলে সারানোয় খরচ পড়বে অনেক কম। দুই বছরের জন্য ডিভাইসটির ওয়ারেন্টি মূল্য বলা হয়েছে ৩৯ ডলার। তবে, দুর্ঘটনাবশত ডিভাইসটি নষ্ট হলে বাড়তি ৩৯ ডলার গুণতে হবে।

অ্যাপলের এআই অ্যাসিস্টেন্ট সিরি’র মাধ্যমে ব্যবহারকারী কোন গান শুনবেন তা নিয়ে পরামর্শ দেওয়া আর ঘরের তাপমাত্রা মানিয়ে নেওয়ার মতো কাজ করতে পারবে এই স্পিকার। আগের বছর  ডেভেলপারপদের নিয়ে অ্যাপলের সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স’ (ডাব্লিউডাব্লিউডিসি)-এ অ্যাপল এই ডিভাইস উন্মোচন করে।

৩৪৯ মার্কিন ডলারের এই স্পিকার সিরির সঙ্গে মিলে অ্যাপল মিউজিক সেবা থেকে গানের তালিকা বাছাই করে দিতে পারবে। সেইসঙ্গে টেক্সট মেসেজ পাঠানো, সংবাদ জানানো, খেলার খবর জানানো আর লাইট বাল্ব ও থার্মোস্ট্যাট-এর মতো হোম গ্যাজেটগুলো নিয়ন্ত্রণ করতে পারে এটি।

২০১৭ সালের ডিসেম্বরে স্পিকারটি বাজারে আসার কথা থাকলেও বিলম্বের পর চলতি সপ্তাহে বাজারে আনা হয় এটি। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে ডিভাইসটি।