২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা প্রচারণাকর্মীদের অ্যাকাউন্ট ‘সরাচ্ছে’ ফেইসবুক

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ‘জাতিগত নির্মূল’ করতে চালানো অভিযান নিয়ে প্রতিবেদন করছেন এমন বিভিন্ন প্রচারণা কর্মীর অ্যাকাউন্ট বাতিল ও পোস্ট সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ফেইসবুক-এর বিরুদ্ধে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2017, 05:08 PM

Updated : 11 Oct 2022, 02:33 PM

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রচারণাকর্মীদের দাবি- অ্যাকাউন্টগুলো বিভিন্ন সময় বাতিল বা অচল করে দেওয়া হচ্ছে। সেইসঙ্গে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি তাদেরকে সত্য বলতে দেবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।  এই অভিযানের শিকার হওয়া রোহিঙ্গাদের মিয়ানমার ‘বাঙালি’ বলে দাবী করছে। আর পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ তাদেরকে মিয়ানমারের নাগরিক হিসেবেই গণ্য করছে। অভিযান শুরুর পর থেকে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। মিয়ানমার সরকার ‘রোহিঙ্গা’ নামটি ব্যবহার করে না এবং তাদেরকে দেশটির নাগরিক হিসেবে স্বীকৃতিও দেয় না। ১৯ সেপ্টেম্বর নব্বইয়ের দশকে করা প্রত্যাবাসন চুক্তির আওতায় ‘যাচাইয়ের মাধ্যমে’ বাংলাদেশে থাকা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমার প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির নেত্রী অং সান সু চি। বুধবার এ প্রসঙ্গে ফেইসবুক মুখপাত্র রুচিকা বুধরাজা মার্কিন দৈনিক ডেইলি বিস্ট-কে বলেন, “আমরা ফেইসবুককে এমন একটি জায়গা বানাতে চাই যেখানে মানুষ দায়িত্বের সঙ্গে কনটেন্ট শেয়ার করবে আর মত প্রকাশের সুযোগ দেওয়ার সঙ্গে একটি নিরাপদ ও সম্মানজনক অভিজ্ঞতা দেওয়ার মধ্যে ভারসাম্য রাখতে আমরা কঠিন কাজ করছি।” তিনি আরও বলেন, “মিয়ানমারের পরিস্থিতির ক্ষেত্রে আমরা সতর্কতার সঙ্গে আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড-এর বিরুদ্ধে কোনো কনটেন্ট আছে কিনা তা যাচাই করছি।” রহিম নামধারী এক প্রচারণাকর্মীর দাবি, তার আক্যাউন্ট বারবার অচল করে দিয়েছে ফেইসবুক। সেই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সাইটটিতে তিনি কোনো পোস্ট দিলে সেগুলোও সরিয়ে দেওয়া হচ্ছে। এই পোস্টগুলো সরানোর কারণ ব্যাখ্যায় ফেইসবুকের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, “আমরা এই কনটেন্ট সরিয়ে নিয়েছি কারণ এটি ফেইসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলে না।”

মিয়ানমার জুড়ে এমন আরও অনেক নজির পাওয়া যাচ্ছে বলেও আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।