Published : 03 Jul 2017, 07:42 PM
চলতি বছরের মার্চে আইন প্রণয়ন করা হয় যে, প্নেনের মূল কেবিনে ল্যাপটপের মতো বড় গ্যাজেট ব্যবহার করতে পারবেন না যাত্রীরা। এক্ষেত্রে এ ধরনের গ্যাজেটগুলো তাদের ব্যাগে রাখতে হবে বলে জানানো হয়।
কিন্তু যুক্তরাষ্ট্রের দেওয়া এমন নিষেধাজ্ঞা এড়িয়ে প্লেনে যাত্রীদের ল্যাপটপ ব্যবহার করতে দিচ্ছে ইতিহাদ কর্তৃপক্ষ, বলা হয়েছে বিবিসি-এর প্রতিবেদনে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “তাদের উন্নত যাচাইব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা তুলে নিতে আশ্বস্ত করেছে।”
আবু ধাবি থেকে যুক্তরাষ্ট্রের ছয়টি বিমানবন্দরে সপ্তাহে ৪৫টি ফ্লাইট পরিচালনা করে থাকে ইতিহাদ।
মার্চে আটটি মুসলিম অধ্যুষিত দেশ থেকে আসা আর ওই দেশগুলোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে ছাড়া ফ্লাইটগুলোতে যাত্রীদের ল্যাপটপ বহন নিষিদ্ধ করে মার্কিন সরকার।
নিষেধাজ্ঞায় বলা হয় ১৬ সেন্টিমিটার বাই ৯.৩ সেন্টিমিটার বাই ১.৫ সেন্টিমিটার আকারের চেয়ে বড় যেকোনো ডিভাইস পরীক্ষিত ব্যাগে রাখতে হবে। স্মার্টফোন এবং মেডিক্যাল ডিভাইস এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেনা বলেও উল্লেখ করা হয়।
নিরাপত্তা নিশ্চিত করতে আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়তি পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ফলে প্লেন আকাশে ওড়ার আগে এবং মার্কিন ভূমিতে অবতরণের পূর্বেই যাত্রীদেরকে মার্কিন কাস্টমস-এর পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে।
এ বিষয়ে মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি-এর এক মুখপাত্র বলেন, নিষেধাজ্ঞার আওতায় পড়ে এমন অন্যান্য বিমানবন্দর এবং এয়ারলাইনগুলোও এমন পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।