২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্লেপেন নির্মাতার ৩০ বছর কারাদণ্ড

শিশুদের যৌনতাপূর্ণ ছবি নিয়ে ব্যবসায় করা সাইটগুলোর মধ্যে বিশ্বের সবচেয়ে বড় সাইট হিসেবে বিবেচিত সাইটটির নির্মাতাকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2017, 07:30 PM

Updated : 11 Apr 2022, 11:32 PM

২০১৪ সালের শুরুতে ডার্ক ওয়েব নেটওয়ার্ক টর ওয়েবে ‘প্লেপেন’ নামের এই সাইট বানিয়েছিলেন স্টিভেন চেইজ।

এক বছর পর সাইটটি বন্ধ করে দেওয়া হয়। সে সময় এর ব্যবহারকারীর সংখ্যা ছিল দেড় লাখেরও বেশি। সাইটটিতে ৫০ হাজারেরও বেশি ছবি ও ভিডিও ছিল।

প্লেপেন নামের সাইটটির মাধ্যমে প্রায় তিনশ’ নিপীড়িত শিশুকে শনাক্ত বা উদ্ধার করা গেছে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পক্ষ থেকে এ তথ্য দেওয়া হয়।

প্লেপেন সাইটের হোস্টিং সার্ভারের আইপি অ্যাড্রেস দুর্ঘটনাবশত প্রকাশ করে দেওয়ার পর চেইজকে ধরা হয়, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। চেইজ-এর করা এই ভুল অন্য এক দেশের পুলিশ বাহিনী শনাক্ত করে ও সার্ভার যুক্তরাষ্ট্রে হওয়ায় এফবিআই-এর কাছে এ নিয়ে তথ্য পাঠায়।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে এফবিআই নর্থ ক্যারোলাইলিনায় তল্লাশি চালিয়ে প্লেপেন সার্ভার আর এটি পরিচালনায় ব্যবহৃত কম্পিউটার আটক করে। ওই তল্লাশির পরই চেইজ আর সাইটটির কর্মীদের ধরতে সক্ষম হয় এফবিআই।  

চেইজের আরও দুই সহকর্মীকে ইতোমধ্যে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এফবিআই এরপর দুই সপ্তাহ ধরে সাইটটি চালু রাখে এবং এর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সেই সঙ্গে তারা ম্যালওয়্যার ব্যবহার করে এর ব্যবহারকারীদের নজরদারি ও জায়গা শনাক্ত করে।

এর ফলে বিশ্বব্যাপী আটশ’রও বেশি লোক আটক হয় যারা শিশুদের নিপীড়ন বা যৌনতাপূর্ণ ছবি বিতরণের সঙ্গে জড়িত ছিলেন।