প্রত্যাশা ছোঁয়নি নেটফ্লিক্স, তবে সম্ভাবনা ‘বিশাল’
চলতি বছর প্রথম তিন মাসে প্রত্যাশ্যার চেয়ে ধীরগতির প্রবৃদ্ধি হলেও উন্নতির সুযোগ ‘বিশাল’ বলে জানিয়েছে ভিডিও স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠান নেটফ্লিক্স।
এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির নতুন গ্রাহক যোগ হওয়ার সংখ্যা সাড়ে ৪৯ লাখ। তবে, এই সংখ্যা ৫২ লাখ হবে বলে পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। আগের বছরের একই প্রান্তিকের চেয়ে মার্কিন প্রতিষ্ঠানটির নতুন গ্রাহকের সংখ্যা এক-তৃতীয়াংশ কম আর যুক্তরাষ্ট্রের বাইরে এই সংখ্যাটা নেমেছে ২২ শতাংশ।
নিজেদের জনপ্রিয় কিছু অনুষ্ঠান চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সরিয়ে নেওয়াকে এই পতনের জন্য আংশিক দায় দিচ্ছে নেটফ্লিক্স। ২০১৬ সালের প্রথম প্রান্তিকেই প্রতিষ্ঠানটির ‘হাউজ অফ কার্ডস’ সিরিজ আনা হলেও, এবার তা দ্বিতীয় প্রান্তিকে আনা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চলতি বছরের প্রথমার্ধের মধ্যে সাড়ে ৮১ লাখ নতুন সদস্য যোগ হওয়ার প্রত্যাশা প্রকাশ করেছে। যেখানে ২০১৬ সালের প্রথমার্ধে অংকটা ছিল ৮৪.২ লাখ।
চলতি সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী ১০ কোটি গ্রাহকের মাইলফলকে পৌঁছানোর আশা করছে নেটফ্লিক্স।
নেটফ্লিক্স-এর এই অবস্থাকে খারাপভাবে দেখছেন না প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী রিড হ্যাসটিংস। তিনি বলেন, “এটি একটি চমৎকার শুরু।”
