অ্যাপল সরছে, পতন ইমেজিনেশন-এর
ব্রিটিশ চিপ-ডিজাইনার ইমেজিনেশন টেকনলোজিস-এর শেয়ারমূল্য ৭০ শতাংশ পড়ে গেছে। মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের নতুন পণ্যগুলোর জন্য আর এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির কাছ থেকে চিপ নেবে না জানানোর পর এই ব্রিটিশ প্রতিষ্ঠানটির শেয়ারমূল্যে এ পতন ঘটে।
সোমবার শুরুর দিকে লেনদেনে, ইমেজিনেশন-এর শেয়ারমূল্য ৬৯ শতাংশ নেমে ৮৫ পেন্স-এর চলে আসে, যা ২০০৯ সালের পর থেকে প্রতিষ্ঠানটির জন্য সর্বনিম্ন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।
প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় গ্রাহক তাদের কাছ থেকে আগামী পণ্যগুলোর জন্য চিপ নেওয়া ১৫ মাস থেকে দুই বছরের মধ্যে বন্ধ করে দেবে- এমন ঘোষণা আসার আগে শুক্রবার লেনদেন শেষে ইমেজিনেশন-এর প্রতি শেয়ারের মূল্য ছিল ২.৭০ পাউন্ড।
ব্রিটিশ প্রতিষ্ঠানটি বর্তমানে অ্যাপলের আইফোন, আইপ্যাড আর আইপডের জন্য চিপ সরবারহ করে। কিন্তু অ্যাপল জানিয়েছে, তারা তাদের “ পণ্যের জন্য নিজস্ব স্বাধীন ডিজাইন বানাচ্ছে ও এর মাধ্যমে ভবিষ্যতে ইমেজিনেশন টেকনোলজিস-এর উপর তাদের নির্ভরতা কমানো হবে।”
এ নিয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি বলে, “ইমেজিনেশন-এর পেটেন্ট, মেধাস্বত্ব ও গোপন তথ্যের লঙ্ঘন না করে ইমেজিনেশন-এর প্রযুক্তির আর দরকার হবে না এমন বিবৃতির পক্ষে অ্যাপল এখনও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।”
“এসব প্রমাণের জন্য ইমেজিনেশন-এর পক্ষ থেকে অনুরোধ করা হলেও অ্যাপল তা দিতে অস্বীকৃতি প্রকাশ করেছে।”
নিজেদের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে ব্রিটিশ প্রতিষ্ঠানটি তাদের অন্য গ্রাহকদের সঙ্গে থাকা চুক্তির কথা বললেও, অ্যাপলের সঙ্গে থাকা চুক্তিকে ‘প্রয়োজনীয়’ বলে উল্লেখ করে। প্রতিষ্ঠানটি তাদের মোট আয়ের অর্ধেকের জন্য অ্যাপলের উপরই নির্ভর করে বলে মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে।
এ নিয়ে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে অনুরোধ করা হলেও, অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করা হয়েছে, বলা হয় ওই প্রতিবেদনে।
