সম্পূর্ণ স্বচ্ছ আইফোন আনবে অ্যাপল
আইফোনের পর্দার জন্য নতুন পেটেন্ট অনুমতি পেয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। পেটেন্ট থেকে বলা যাচ্ছে অ্যাপলের পরবর্তী আইফোন ৮ হতে পারে প্রথম এমন ফোন যার পর্দার ভেতর দিয়ে অন্য প্রান্ত স্বচ্ছভাবে দেখা যেতে পারে।
পুরোপুরি স্বচ্ছ পর্দার পেটেন্ট পেয়েছে অ্যাপল, জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
এর আগে অ্যাপল প্রধান টিম কুক বেশ কয়েকবারই ইংগিত দিয়েছেন পরবর্তী আইফোন হতে পারে অগমেন্টেড রিয়ালিটি প্রযুক্তি সম্বলিত। নতুন এই পেটেন্টই প্রতিষ্ঠানটির অগমেন্টেড রিয়ালিটি যুগের সূচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে বিক্রি কমেছে অ্যাপলের। কিন্তু গ্রাহকদের আশ্বস্ত করে কুক বলেন, “আমাদের সবচেয়ে ভালো ডিভাইসটি এখনও আসেনি।”
পুরোপুরি স্বচ্ছ আইফোন সত্যি আনা হলে গ্রাহক পর্দার ভেতর দিয়েই বাস্তব জগত দেখতে পাবে। বাস্তব জগতের চিত্রই পর্দায় প্রতিফলিত হবে এতে।
বর্তমান আইফোনগুলোর ক্যামেরা, স্পিকার, লাইট সেন্সরের মতো চিপগুলো পর্দার নিচে লুকানো থাকবে। এর ফলে আইফোনটি হবে বেজেলবিহীন, এমন গুজবও শোনা গেছে।
এখন প্রশ্ন উঠতে পারে পুরোপুরি স্বচ্ছ পর্দা রাখা হলে আইফোনের ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশ কী করা হবে? এক্ষেত্রে পেছেনের ক্যামেরা দিয়ে ধারণকৃত ছবিই পর্দায় দেখানো হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রথাগতভাবে অ্যাপলের আইফোন ৭-এর পর আইফোন ৭ এস উন্মোচন করার কথা। আর এস ডিভাইসগুলোতে সাধারণত অভ্যন্তরীন হার্ডওয়্যার পরিবর্তন করে এর কার্যক্ষমতা বাড়ানো হয়। বাহ্যিক দিক থেকে তেমন পরিবর্তন লক্ষ্য করা যায় না এতে।
এবারও হয়ত একই রীতি মানবে অ্যাপল। কিন্তু এর পরবর্তীতে আইফোন ৮-এ নতুন নতুন এই পর্দা আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
