৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

তোশিবা’র শেয়ারমূল্যে ধ্বস

বুধবার ২০ শতাংশ পড়ে গেছে ইলেক্ট্রনিক নির্মাতা জাপানি প্রতিষ্ঠান তোশিবা’র শেয়ারমূল্য।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 06:34 PM

Updated : 12 Apr 2022, 03:36 AM

আগের ভাবনার চেয়েও কমে যেতে পারে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির পারমাণবিক ব্যবসায়- এই আশংকা প্রকাশের পর এমন প্রভাব পড়ল, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে। মঙ্গলবারই প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১২ শতাংশ পড়ে গিয়েছিল।

তোশিবা জানিয়েছে, ওয়েস্টিংহাউস ইলেকট্রিক নামের তাদের এক অঙ্গপ্রতিষ্ঠানের করা এক চুক্তির কারণে বড় এই ক্ষতির আশংকা সৃষ্টি হয়েছে। এই অঙ্গপ্রতিষ্ঠানটি ২০১৫ সালে শিকাগো ব্রিজ অ্যান্ড আয়রন-এর কাছ থেকে পারমাণবিক নির্মাণ ও সেবা ব্যবসায় কিনে নেয়। কিন্তু এখন ওই চুক্তির মূল্য নিয়ে একটি বিবাদ সৃষ্টি হয়েছে ও সম্পদের মূল্য নিয়ে নেওয়া হয়েছে।

এই ‘উদ্বেগ তৈরির’ কারণে ক্ষমা চেয়েছেন তোশিবা প্রেসিডেন্ট সাতোশি সুনাকাওয়া।

হিসাব জালিয়াতির কারণে হারানো ব্র্যান্ড মর্যাদা উদ্ধারে ধুঁকতে থাকা প্রতিষ্ঠানটির জন্য এই সংবাদ নতুন আঘাত হিসেবেই ধরা হচ্ছে। হিসাব জালিয়াতির ওই ঘটনায় প্রতিষ্ঠানটির তৎকালীন প্রধান নির্বাহী পদত্যাগ করেন। এরপর থেকে প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়ের পরিধি কমানোর চেষ্টা করছে। এর অংশ হিসেবে তারা ক্যানন-এর কাছে তাদের মেডিকেল ডিভাইস ব্যবসায় বিক্রি করে দেয়। 

এর আগে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিক আয় বেড়েছে বলে জানিয়েছিল তোশিবা।