Published : 20 Nov 2016, 01:49 PM
আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান ছাড়ার কিছু সময় পরই হাইপারলুপ ওয়ানের বিরুদ্ধে মামলা করেন প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা এবং সিটিও ব্রোগান বামব্রোগান এবং অন্য সাবেক তিন কর্মকর্তা। কর্মীদেরকে এক চিঠির মাধ্যমে মামলা নিষ্পত্তির খবর জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, তথ্য প্রযুক্তি সাইট রিকোড-এর।
হাইপারলুপ ট্রানজিট সিস্টেম হচ্ছে ২০১৩ সালে মার্কিন ধনকুবের ও প্রকৌশলী এবং টেসলা প্রধান ইলন মাস্ক-এর দেওয়া ভবিষ্যতের যোগাযোগ প্রযুক্তির একটি ধারণা। এতে একটি বায়ুশূন্য নলের ভেতর চুম্বকের সহায়তায় কিছু পড ভাসিয়ে রাখা হয়। এই ভাসমান পডগুলোর মাধ্যমে মানুষ ও মালামাল ঘণ্টায় সাড়ে সাতশ' মাইল পর্যন্ত গতিতে পর্যন্ত ভ্রমণ করানো যাবে।
ইলন মাস্কের এই স্বপ্নকে বাস্তবায়িত করতে বর্তমানে দুইটি স্টার্টআপ প্রতিষ্ঠান কাজ করছে। এর মধ্যে হাইপারলুপ ওয়ান একটি।
মামলায় প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা শেরভিন পিশেভার এবং রব লয়েড-এর বিরুদ্ধে অভিযোগ আনেন ব্রোগান। অভিযোগে বলা হয়- তারা অর্পিত দায়িত্ব মানছে না এবং “তাদের নিজেদের স্বার্থ এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বী স্বার্থ হাইপারলুপ ওয়ান-এ চাপিয়ে দিচ্ছেন।”চলতি বছরের ১৯ জুলাই এই মামলার জবাব দিয়ে হাইপারলুপ ওয়ান জানায় ব্রোগান ষড়যন্ত্র করার পরিকল্পনা করছিলেন এবং একই ধরনের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান তৈরি করতে কর্মীদের চুরি করছিলেন।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, “হাইপারলুপ ওয়ান জানাতে আনন্দিত যে এটি একটি গোপন মীমাংসায় পৌঁছেছে এবং নিজের ব্যবসা পরিকল্পনা সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।”
গোপন মীমাংসা হওয়ায় ঠিক কিভাবে এই মামলার নিষ্পত্তি হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।