Published : 18 Sep 2026, 10:10 PM
কাঁটাতার, চোরাচালান আর সীমান্তঘেঁষা মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ডাঙগোয়াল’।
লালমনিরহাটের সাংস্কৃতিক কর্মী শাহীদুজ্জামান লাবলুর জীবনের সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন জ্যোতির্ময় রায়।
সীমান্ত এলাকায় গরু, চোরাই পণ্য বা মানুষ পারাপারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্থানীয়ভাবে বলা হয় ‘ডাঙগোয়াল’।
চলচ্চিত্রটির পটভূমি নিয়ে নির্মাতা জ্যোতির্ময় রায় বলেন, “অনেক দিন ধরে ছিটমহল ও সীমান্তের ঘটনা নিয়ে কাজ করার পরিকল্পনা করছিলাম। লাবলু ভাইয়ের একটি নাটক দেখে বিস্মিত হয়ে তার সঙ্গে দেখা করি। তখন তিনি আমাকে নিজের বাস্তব জীবনের গল্প শোনান। সেই ঘটনা এবং তা নিয়ে নাটক লেখার সময় তার ভেতরের মানসিক টানাপোড়েন থেকেই এই স্বল্পদৈর্ঘ্যের জন্ম।”
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপক কুমার গোস্বামী, দিলরুবা দোয়েল, শাহানা সুমি, উজ্জ্বল মিয়া, বিধান রায় এবং ভাটিবাড়ি লোক নাট্যদলের সদস্যরা।
নির্মাতা জানিয়েছেন, ‘ডাঙগোয়াল’ আপাতত বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর প্রস্তুতি চলছে। উৎসব পর্ব শেষে চলচ্চিত্রটি ওটিটি প্ল্যাটফর্ম কিংবা ইউটিউবে দর্শকদের জন্য প্রচার করা হবে।