তারকাদের নগ্ন ছবি হ্যাকে কারাদণ্ড
সেলিব্রিটিদের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের নগ্ন ছবি ও ভিডিও চুরি করার দায়ে এক ব্যক্তিকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের পেনিসিলভেনিয়া আদালত।
৪৬ বছর বয়সী রায়ান কলিন্স নামের এই ব্যক্তি চলতি বছর মে মাসে এমন অভিযোগে দোষী সাব্যস্ত হন বলে জানিয়েছে বিবিসি। তিনি ছয় শতাধিক মানুষের ইউজারনেইম আর পাসওয়ার্ড চুরি করেন।
অভিনেত্রী জেনিফার লরেন্স, কেট আপটন, স্কারলেট জোহানসন আর কার্স্টেন ডান্সটসহ অনেককেই কৌশলে প্রতারণার ফাঁদে ফেলেন কলিন্স। আর এজন্য তাদেরকে বিশেষ কিছু ইমেইল পাঠান তিনি, এই ইমেইলগুলো দেখে মনে হয় এগুলো গুগল বা অ্যাপলের পক্ষ থেকে পাঠানো হয়েছে।
'সেলেবগেট' নামের এক মামলায়, কলিন্স-এর বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে অ্যাকাউন্ট হ্যাক করে ছবি অ্যাকসেস করার অভিযোগ আনা হয়।
এ নিয়ে এক বিবৃতিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, "প্রকৃত ফাঁসের সঙ্গে কলিন্স-এর যে সম্পৃক্ততা রয়েছে বা কলিন্স তার হাতিয়ে নেওয়া যেসব তথ্য শেয়ার বা আপলোড করেছেন তা নিয়ে কোনো প্রমাণ তদন্তকারীরা প্রকাশ করেননি।"
এই ব্যক্তি অন্তত ৫০টি আইক্লাউড অ্যাকাউন্ট আর ৭২টি জিমেইল অ্যাকাউন্ট অ্যাকসেস করেছেন বলে অভিযোগে বলা হয়।
আদালতে দাখিল করা নথি থেকে জানা যায়, তিনি এমন কিছু প্রতারণামূলক ইমেইল অ্যাড্রেস ব্যবহার করেছেন, যেগুলো দেখলে কোনো সেবাদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে পাঠানো হয়েছে বলে মনে হয়। এই ইমেইল আইডিগুলোর মধ্যে (email.protection318@icloud.com), (noreply_helpdesk0118@outlook.com), (secure.helpdesk0119@gmail.com) উল্লেখযোগ্য।
