২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিনি তারকাদের নগ্ন ছবি হ্যাক করেছিলেন

হ্যাকিংয়ের মাধ্যমে তারকাদের নগ্ন ছবি সংগ্রহ করার দায় স্বীকার করা হ্যাকারকে কারাদণ্ড দেওয়া হয়েছে। যুকরাষ্ট্রের পেনসিলভানিয়ার ৩৬ বছর বয়সী রায়ান কলিন্স নামের এই ব্যাক্তি দুই বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে ওই ছবিগুলো চুরি করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2016, 06:14 PM

Updated : 20 Aug 2022, 12:48 PM

সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, তারকাদের পাসওয়ার্ড সংগ্রহ করতে এবং তাদের আইক্লাউড ও জিমেইল অ্যাকাউন্টে অ্যাকসেস পেতে রায়ান ‘ফিশিং স্ক্যাম’ ব্যবহার করেছেন।

ফিশিং এমন এক পদ্ধতি যার মাধ্যমে পরিচয় নকল করে বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড সংগ্রহ করা হয়। এই ধরনের ফাঁদে অ্যাকাউন্টের মালিক সাধারণত পরিচয় যাচাই না করেই বিভিন্ন ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার প্রকাশ করে ফেলেন।

রায়ান হ্যাক করে ছবি সংগ্রহ করলেও সেগুলো ইন্টারনেটে পোস্ট করেছেন এমন কোনো প্রমাণ মেলেনি। তবে হ্যাকিংয়ের দায়ে আদালত তাকে ১৮ মাসের কারাদণ্ড প্রদান করেছেন।

২০১৪ সালের সেপ্টেম্বরে ৫০টি অ্যাপল আইডি এবং ৭২টি জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করে এই ছবিগুলো সংগ্রহ করা হয়েছিল বলে জানিয়েছে মার্কিন দৈনিক লস অ্যাঞ্জেলস টাইমস। ওই হ্যাকে অভিনেত্রী জেনিফার লরেন্স, কেইলি কুওকো এবং কারস্টেন ডানস্ট-এর মতো তারকাকে টার্গেট করা হয়।

সে সময় হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স হ্যাকিংয়ের এই ঘটনাকে ‘যৌন অপরাধ’ বলে অভিহিত করেন।

তদন্তে এফবিআই প্রমাণ পেয়েছে যে রায়ান তারকাদের পাঠানো ‘ফিশিং’ ইমেইলগুলোর সঙ্গে জড়িত ছিলেন। ইমেইলগুলো অ্যাপল ও গুগলের মতো বৈধ প্রতিষ্ঠানগুলোর নামে পাঠানো হয়েছিল। সেখানে বলা হয়েছিল অভিনেত্রীরা যেন তাদের পাসওয়ার্ড সরবরাহ করেন।

এভাবে ফিশিং ইমেইল পাঠিয়ে কলিন্স অভিনেত্রীদের ব্যক্তিগত ছবি সংগ্রহ করে।

সেই ছবিগুলো ফোরচ্যান এবং রেডিটের মতো সাইটে পোস্ট করা হয়েছিল। তবে পরে রেডিট এমন ছবিযুক্ত পোস্টগুলো ব্যান করে দেয়।

আপাতত কলিন্সকে পেনসিলভেনিয়ার ফেডারেল কোর্টে পাঠানো হয়েছে এবং এরপরে তাকে জেলে নিয়ে যাওয়া হবে।